ব্যাংক ঋণের সুদহার কমানোর দাবি ঢাকা চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যাংক ঋণের সুদহার কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে। চেম্বার একই সঙ্গে কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনে সুদমুক্ত ঋণের দাবি জানিয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠককালে গতকাল মঙ্গলবার ডিসিসিআইয়ের নেতারা এসব দাবি জানান। চেম্বারের নেতারা মনে করেন, দেশে ব্যাংক ঋণের উচ্চ সুদহার উদ্যোক্তা উন্নয়নের অন্যতম অন্তরায়। তাঁদের হিসাবে বর্তমানের ১৩ শতাংশ সুদহার এবং অন্যান্য সেবামাশুলসহ অর্থায়নের ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে, যা উদ্যোক্তাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। বৈঠকে ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান, সহসভাপতি শাহজাহান খান, পরিচালক সিরাজউদ্দিন মানিক, ইয়াদ আলী ফকির, নাসির হোসেন, টি আই এম নুরুল করিম, ওয়াকার চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নর জানান, ব্যাংক ঋণের সুদহার আরও কমিয়ে আনতে তাঁরা চেষ্টা চালাচ্ছেন।গভর্নর বলেন, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি ভালো হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হতো। আতিউর রহমান বলেন, এসএমই খাতে বড় ধরনের অর্থায়ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বছর ব্যাংকগুলো প্রায় ২৪ হাজার কোটি টাকা এ খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চেম্বার নেতারা বলেন, বর্তমানে ব্যাংক ঋণের সুদহার এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। আর ঋণের সুদহার কমিয়ে আনতে ব্যাংকগুলো সব সময়ই তহবিল ব্যয়ের দোহাই দিয়ে থাকে। চেম্বার ঢাকা চেম্বারের নেতারা প্রস্তাব বিভিন্ন ব্যাংকের তহবিল ব্যয়ের ওপর একটা জরিপ পরিচালনার প্রস্তাব করে বলেন, কোন কোন কারণে তহবিল ব্যয় বাড়ে তা জানা সম্ভব হবে।