ব্যাংক এশিয়া ১১০ কোটি টাকার বন্ড ছাড়বে
ব্যাংক এশিয়া লিমিটেড দেশের শেয়ারবাজারে ১১০ কোটি টাকার ‘সাব-অর্ডিনেটেড জিরো কুপন বন্ড’ ছাড়বে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নিয়মিত সভায় মঙ্গলবার ব্যাংকটির বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি জানিয়েছে, অনুমোদিত বন্ডের মেয়াদ হবে ছয় বছর। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে পাঁচ হাজার টাকা। এটি একটি অপরিবর্তনীয় বন্ড, যা ছয় বছর পর পুরোপুরিভাবে বিলুপ্ত হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবে।এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত টাকা ব্যাসেল টু-এর শর্ত পূরণ, টায়ার দুই মূলধন বৃদ্ধি ও ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখার কাজে ব্যয় করা হবে। বন্ডটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি)।