ব্যাংক এশিয়ার ১১০ কোটি টাকার বন্ড এসইসির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক এশিয়া লিমিটেডের ১১০ কোটি টাকার সাবঅরডিনেটেড জিরো কুপন বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক এশিয়া ছয় বছর মেয়াদি এই ‘সাবঅর্ডিনেটেড জিরো কুপন বন্ড’ ছাড়বে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ হাজার টাকা। এর বৈশিষ্ট্য হচ্ছে, এটি আন-সিকিউরড, নন লিস্টেড, রিডিম্যাবল নন কনভারটেবল বন্ড ও ইয়েল্ড টু ম্যাচিউরিটি ১৩ শতাংশ। বন্ডটি ছয় বছরে পুরোপুরি রিডিমপশন হবে। কেবল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবেন।এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়া লিমিটেড ব্যাসেল টু-এর শর্ত পূরণ, টায়ার-২ মূলধন বৃদ্ধি ও ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখার কাজে ব্যয় করবে।বন্ডের ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি) কাজ করছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের সভায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ৫(ক) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা ১৯৯৬-এর বিধি ৬(ক)-এর প্রস্তাবিত সংশোধনীর ওপর জনমত জরিপের পর গেজেট নোটিফিকেশন জারির সিদ্ধান্ত অনুমোদন হয়। একই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইস্যু অব ক্যাপিটাল) রুলস ২০০১-এর রুল ৩(৩)(জি)-এর প্রস্তাবিত সংশোধনীর ওপর জনমত জরিপের পর গেজেট নোটিফিকেশন জারির সিদ্ধান্ত আজকের সভায় অনুমোদিত হয়।আজকের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবিত অনির্বাচিত পরিচালক হিসেবে পারভিন মাহমুদের পরিবর্তে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশের (আইক্যাব) সভাপতি মো. সাইফুল ইসলামের নিয়োগ অনুমোদন করা হয়েছে। এ ছাড়া সিকিউরিটজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে সতর্কীকরণপত্র ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।