বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ হিসাবের নীতিমালা সংশোধন করেছে। সংশোধিত নীতিমালা অনুসারে, ব্যাংকগুলো দণ্ড সুদ হিসাব করতে পারবে। একইভাবে ব্যাংকগুলো স্থায়ী মেয়াদি ঋণ হিসেবে দৈনিক বকেয়া স্থিতির ভিত্তিতেও সুদ হিসাব করতে পারবে। তবে সুদ হিসাব করবে ত্রৈমাসিক ভিত্তিতে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ফি, মাসুল ও কমিশন যৌক্তিক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব নির্দেশ দিয়েছে।এর আগে ঋণের সুদ হিসেবে বাংলাদেশ ব্যাংক গত ৩১ আগস্ট এ বিষয়ে একটি নীতিমালাসংবলিত নির্দেশনা দেয়। ওই নির্দেশনায় বলা হয়, শ্রেণীমান-নির্বিশেষে কোনো ঋণ হিসেবে দণ্ড সুদ আরোপ করা যাবে না। গতকাল আগের নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, দণ্ড সুদ আরোপ না করার নির্দেশনা দেওয়ার পর স্বেচ্ছায় ঋণখেলাপিদের মধ্যে এই সুযোগ নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছিল। ফলে ব্যাংকগুলো থেকে আগের নির্দেশনাটি প্রত্যাহারের কথা বলা হয়।একইভাবে আগের নির্দেশনায় বলা হয়েছিল, ব্যাংকগুলোতে স্থায়ী মেয়াদি ঋণ হিসেবে দৈনিক বকেয়া স্থিতির ভিত্তিতে সুদ হিসাব করা যাবে না। এ বিষয়েও ব্যাংকগুলো কিছু যুক্তি উত্থাপন করে। এ ক্ষেত্রে কেউ হঠাৎ করে ঋণ পরিশোধ করলে দৈনিক বকেয়া স্থিতির ভিত্তিতে সুদ হিসাব করা হলে ব্যাংক ও গ্রাহক উভয় পক্ষের জন্য তা সুবিধাজনক হয়। তবে এ ক্ষেত্রে ত্রৈমাসিক গড় হিসাবে সুদ আরোপের নির্দেশনা বহাল রয়েছে।গতকালের প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভোক্তা ঋণ ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের ঋণ দেওয়ার যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশিত ঋণ হিসাবগুলোতে সমান মাসিক কিস্তি অনুযায়ী ঋণ পরিশোধিত হবে। এ ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে সুদের হিসাব প্রযোজ্য হবে না। অন্যদিকে গত ১৪ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ঋণের সুদের হারের সঙ্গে অতিরিক্ত কোনো সেবা মাশুল আরোপ করা যাবে না। প্রজ্ঞাপনে এ বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, সিডিউল অব চার্জেসে আদায়যোগ্য চার্জ ছাড়া কোনো চার্জ আদায় করা যাবে না।আর্থিক প্রতিষ্ঠান : ঋণ ও লিজের বিপরীতে সুদ ছাড়াও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে অযৌক্তিক ফি, মাসুল ও কমিশন আদায় করছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এ পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাসুল বা কমিশন যৌক্তিক করতে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও লিজের বিপরীতে আরোপিত সুদসহ অন্যান্য সেবা মাসুল বা কমিশনের পূর্ণ তালিকা প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়ের দর্শনীয় স্থানে প্রদর্শন করতে হবে। প্রকাশিত তালিকার বাইরে অতিরিক্ত কোনো সুদ, মাসুল, ফি বা কমিশন আদায় করা যাবে না। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও এ তথ্যগুলো প্রকাশ করতে হবে। ঋণ ও লিজের সুদ ও বিভিন্ন সেবার বিপরীতে আরোপিত মাসুল বা কমিশন মঞ্জুরিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। কোনো ঋণ বা লিজের হিসাব পুনঃতফসিলের সময় এককালীন জমা ছাড়া আর কোনো ফি, মাসুল বা কমিশন আদায় করা যাবে না। ঋণ বা লিজের মেয়াদ পূর্তির আগে গ্রাহক তা পরিশোধ করতে চাইলে বকেয়া ঋণ বা লিজের ২ শতাংশের বেশি আগাম নিষ্পত্তি ফি (আর্লি সেটেলমেন্ট) বা অনুরূপ কোনো মাসুল আদায় করা যাবে না। অঙ্গীকার ফি, তদারকি ফি ও চেক প্রত্যাখ্যাত ফি নামে কোনো চার্জ আদায় করা যাবে না।