ব্যাংক ও মিউচুয়াল ফান্ড খাতের লেনদেনে চাঙাভাব
ঢাকার শেয়ারবাজারে আজ সোমবার খাত অনুযায়ী বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হলেও ব্যাংক ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারে চাঙাভাব লক্ষ করা গেছে। টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান জিপিরও দাম বেড়েছে আজ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে নয়টি প্রতিষ্ঠানের ও একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে মিউচুয়াল ফান্ড খাতের ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টি প্রতিষ্ঠানের, কমেছে পাঁচটির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে দুটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে দুটির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে সাতটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে তিনটির, ইন্স্যুরেন্স খাতের ৪৪টির মধ্যে ১৫টির, আইটি খাতের পাঁচটির মধ্যে দুটি, ওষুধ খাতের ১৮টির মধ্যে সাতটির ও টেক্সটাইল খাতের ২২টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজ বৃদ্ধি পায়।