দেশে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনের ব্যাংকিং মেলা শুরু হয়েছে
ব্যাংক ও রাজস্ব খাতের দুষ্টচক্র ভাঙার আহ্বান

প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আয়োজিত পাঁচ দিনের ব্যাংকিং মেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ স্লোগান সামনে রেখে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে গতকাল সকালে এ মেলার উদ্বোধন করেন গভর্নর আতিউর রহমান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ব্যাংক ও রাজস্ব খাতের দুষ্টচক্র ভাঙার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমেই এই দুষ্টচক্র ভাঙতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়। দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত কারখানাও। মেলার মাধ্যমে সেই বার্তা দেশের ঘরে ঘরে পৌঁছে যাবে। একটি ব্যাংকিং জাতি গড়ার বিশ্বাস নিয়ে আমরা মাঠে নেমেছি। ব্যাংক ব্যবসার সর্বজনীনতা আমাদের লক্ষ্য। কারণ, ব্যাংক যেমন ধনীর অধিকোষ, ঠিক তেমন মধ্যবিত্তের সঞ্চয় আর গরিবের ভরসার জায়গা।’
আতিউর রহমান আরও বলেন, ‘শুধু মুনাফা অর্জনই যেন ব্যাংকের উদ্দেশ্য না হয়। ব্যাংকিং হতে হবে মানবিক। কারণ, অর্থ পরিধি সমাজের সবার মধ্যে বিস্তৃত না হলে প্রবৃদ্ধি টেকসই হয় না। তাই অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে সুস্থির ও টেকসই প্রবৃদ্ধি অর্জনই আমাদের লক্ষ্য।’
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান আরও বলেন, ‘রাজস্ব খাত, ব্যাংক খাত—সর্বত্র এখন দুষ্টচক্র কাজ করছে। দুষ্টচক্রের কারণে ব্যাংক খাতে অনেক অনিয়মের ঘটনা ঘটে, যা আমাদের ব্যথিত করে। রাজস্ব আহরণের ক্ষেত্রেও দুষ্টচক্র কাজ করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে দরকার মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি। সেই প্রবৃদ্ধি অর্জন করতে হলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। আর বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে ব্যাংকঋণের সুদের হার একক অঙ্কে নামিয়ে আনতে হবে।
আসলাম আলম বলেন, ‘যখনই ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ বিষয়ে কথা হয়, তখনই একটি অভিযোগ সব সময় শুনি। আর সেটি হলো, ব্যাংকঋণের উচ্চ সুদ। তাই বিনিয়োগ বাড়াতে হলে সুদহার কমাতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, এখনো দেশের বিপুল জনগোষ্ঠী ব্যাংকিং সেবার আওতার বাইরে রয়ে গেছে। তাদের ব্যাংকিং সেবার আওতায় আনতে হলে জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের মেলা ছড়িয়ে দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মইনুল ইসলাম, মেলা আয়োজনের প্রধান সমন্বয়কারী ও প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখা গেছে, প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানই তাদের ঋণসহ নানা ধরনের ব্যাংকিং সেবার তথ্য তুলে ধরছে মেলায় আসা দর্শনার্থীদের সামনে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগেরও স্টল রয়েছে মেলায়। আয়োজকেরা জানান, সরকারি, বেসরকারি ও দেশি-বিদেশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৭০টি স্টল রয়েছে।
এ ছাড়া ব্যাংকিং সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে পাঁচ দিনের এ মেলায় প্রতিদিনই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রচারণারও আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ হলে এ প্রচারণার আয়োজন করা হয়। প্রতিদিনই রয়েছে আর্থিক খাতসংশ্লিষ্ট বিষয় নিয়ে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকেরা জানিয়েছেন, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। মেলা উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ প্রকাশনা ও নির্মাণ করা হয় তথ্যচিত্র।