ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন আজ বন্ধ
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আজ বুধবার ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ। আগামীকাল বৃহস্পতিবার যথারীতি ব্যাংক ও লেনদেন সীমিত সময়ের জন্য চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ গত ২৮ জুলাই এক প্রজ্ঞাপনে জানায়, করোনা সংক্রমণ বিবেচনায় ১ ও ৪ আগস্ট দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত, যদিও ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের প্রথম দিকে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলেছে।
বিধিনিষেধে রোববার ও বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ রাখার বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো খুলেছে। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে। তবে রাজধানীতে ব্যাংকের শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না। সে জন্য আগামী সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারের লেনদেন বন্ধ আছে আজ। চলতি সপ্তাহে ব্যাংকের সময়ের সঙ্গে সমন্বয় করে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলেছে। কালও একই সময়ে লেনদেন হবে। অবশ্য গত সপ্তাহে লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
এদিকে চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিধিনিষেধ চলবে। তবে আগামী রোববার ব্যাংক খোলা নাকি বন্ধ থাকবে, গতকাল তা জানায়নি বাংলাদেশ ব্যাংক।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৮ জুন সীমিত ও পরে ১ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। তারপর ৪ জুলাই রোববার ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। পরের রোববার অর্থাৎ ১১ জুলাইও ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ওই সময় রোববারের পরিবর্তে মঙ্গলবার ব্যাংক বন্ধ রাখার পক্ষে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অনেক কর্মকর্তা। তাঁদের যুক্তি, এতে সপ্তাহের মাঝামাঝি সময় বন্ধ থাকত। গ্রাহকের সেবায়ও তেমন সমস্যা হতো না। আর রোববার বন্ধ রাখায় টানা তিন দিন ব্যাংকসেবা থেকে বঞ্চিত থাকবেন গ্রাহকেরা। তবে শেষ পর্যন্ত এ যুক্তি ধোপে টেকেনি।
কেন ব্যাংক বন্ধ রাখার জন্য রোববার বেছে নেওয়া হলো, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সাধারণ গ্রাহক নয়, মূলত বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক রাখতেই বিধিনিষেধের মধ্যে ব্যাংক খোলা রাখা হচ্ছে। এ সময় পোশাকসহ বিভিন্ন শিল্প ও কলকারখানা খোলা আছে। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, সেসব দেশে শনি ও রোববার ছুটির দিন। ফলে ব্যাংক খোলা থাকলেও রোববার লেনদেন নিষ্পত্তি হয় না। তাই ছুটির জন্য রোববার বেছে নেওয়া হয়েছে।