ব্যাংক কোম্পানি আইন সংশোধনে কমিটি গঠিত
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে।অবসরপ্রাপ্ত সচিব এ কে আবদুল মুবিনকে আহ্বায়ক এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিবকে (প্রবিধি ও নীতি অধিশাখা) সদস্যসচিব করে গত মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন: অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (বিআরপিডি), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুজন প্রতিনিধি, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ারস অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) একজন প্রতিনিধি।জানা যায়, কমিটি বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা খসড়া ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১২ পর্যালোচনা করে তাদের সুপারিশ তৈরি করবে। কমিটি প্রয়োজনে যেকোনো অভিজ্ঞ ব্যক্তিকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটি নিজেদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বৈঠক করবে।মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।