ব্যাংক খাত নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে এখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। অতীতের যেকোনো সময়ের চেয়ে এ খাত এখন অনেক বেশি শক্তিশালী। যেকোনো ধরনের চাপ নেওয়ার ক্ষমতা অর্জন করেছে ব্যাংকিং খাত।
চট্টগ্রামের নাছিরাবাদ এলাকায় গতকাল বুধবার হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নামে একটি প্রশিক্ষণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।
দেশের বিনিয়োগ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, বিনিয়োগ যদি না হয়, তাহলে ছয় বছর ধরে কীভাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হচ্ছে। সব জায়গা থেকে বিনিয়োগ হচ্ছে, তাই সেটি চোখে পড়ছে না।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, প্রকল্প পরামর্শক ইকরামুল হক প্রমুখ।
গভর্নর আরও বলেন, ‘বর্তমানে ব্যাংকিং খাতে কোনো তারল্য-সংকট নেই, বরং অতিরিক্ত তারল্য রয়েছে। এ জন্য আমাদের সমালোচনা করা হয়। যদিও ব্যাংকগুলো কতটুকু তারল্য রাখবে আর কতটা বিনিয়োগ করবে, সেটি তাদের নিজস্ব বিষয়।’
অনুষ্ঠানে জানানো হয়, ১০ একর জায়গার ওপর স্থাপিত অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ প্রশিক্ষণকেন্দ্রের নির্মাণকাজ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে।