ব্যাংক খাতে আবারও সঞ্চিতির ঘাটতি হচ্ছে
দেশের ব্যাংক খাতে আবারও কিছু প্রভিশন বা ঋণের নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি তৈরি হয়েছে। তবে আশার দিক হলো, মাত্র কয়েকটি ব্যাংকের বড় প্রভিশন বা সঞ্চিতি ঘাটতির কারণে ব্যাংক খাতে সামগ্রিক এই ঘাটতি দেখা দিয়েছে।এর আগে ২০০৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে কোনো সঞ্চিতি ঘাটতি নয়, বরং উদ্বৃত্ত হয়েছিল। সে সময় পর্যন্ত হিসাবে ব্যাংকগুলোর ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন ছিল ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৬ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করে ১৩ হাজার ৭৮৫ কোটি ১৬ লাখ টাকা।অর্থাৎ ব্যাংকগুলো অতিরিক্ত ৩০৭ কোটি ৮০ লাখ টাকার সঞ্চিতি সংরক্ষণ করে। তবে তখনো কয়েকটি ব্যাংকের বড় অঙ্কের প্রভিশন ঘাটতি ছিল। অন্য ব্যাংকগুলোর বেশি সঞ্চিতি সংরক্ষণের কারণে সামগ্রিকভাবে ব্যাংক খাতে উদ্বৃত্ত হয়।গত মার্চ মাসের শেষে ঘাটতি আবার তৈরি হয় এবং গত জুন শেষে তা কিছুটা কমে ব্যাংক খাতে মোট সঞ্চিতি ঘাটতি হয়েছে ৪৪৮ কোটি ৬১ লাখ টাকা। মার্চ মাস শেষে হয়েছিল ৮১২ কোটি ১৬ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত সর্বশেষ ঋণ শ্রেণীকরণ ও সঞ্চিতি প্রতিবেদনে তথ্যের সঙ্গে গত ডিসেম্বর ও মার্চ মাসের তুলনায় এ তথ্য মিলেছে।প্রসঙ্গত, বিধি অনুযায়ী স্বল্পমেয়াদি কৃষিঋণ ও ক্ষুদ্রঋণ ছাড়া বাকি বিভিন্ন ধরনের ঋণের ক্ষেত্রে অশ্রেণীকৃত ঋণে ১ শতাংশ, নিম্নমান ঋণে ২০ শতাংশ, সন্দেহজনক পর্যায়ের ঋণে ৫০ শতাংশ এবং মন্দ পর্যায়ের শ্রেণীকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১০০ শতাংশ হারে সঞ্চিতি সংরক্ষণের বিধান রয়েছে। আবার স্বল্পমেয়াদি কৃষিঋণ ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অশ্রেণীকৃত, নিম্নমান ও সন্দেহজনক ঋণে ৫ শতাংশ এবং মন্দ পর্যায়ের ঋণের বিপরীতে ১০০ শতাংশ সঞ্চিতি রাখার বিধান আছে।এ ছাড়া স্পেশাল মেনশন অ্যাকাউন্টে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস পর ৫ শতাংশ হারে, ভোগ্যপণ্যেও ৫ শতাংশ হারে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে ১ শতাংশ হারে সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। বিতরণ করা ঋণের নিরাপত্তা হিসাবে বা ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোকে তাদের মুনাফা থেকে এই অর্থ সংরক্ষণ করতে হয়।এমন এক সময় ছিল যখন দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের খেলাপি ঋণের পাশাপাশি এসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতির বড় ঘাটতিও ছিল। আবার এই খেলাপি ঋণের পরিমাণ কমাতেও সবচেয়ে বেশি কাজে লেগেছে এই সঞ্চিতি।দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের খেলাপি ঋণ ইতিমধ্যে রাইট অফ বা অবলোপন করা হয়েছে। বিধি অনুসারে ১০০ ভাগ সঞ্চিতি নিশ্চিত করে তবেই খেলাপি ঋণগুলো অবলোপন করা হয়েছে। অর্থাৎ ব্যাংক তাদের বার্ষিক মুনাফা বিতরণ না করে যে পরিমাণ খেলাপি ঋণ সৃষ্টি হয়েছে তা আগে সংরক্ষণ করেছে। পরে সেই খেলাপি ঋণ ব্যাংকের হিসাব থেকে পৃথক করে রেখেছে।জুন শেষে দেখা গেছে, ব্যাংক খাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঞ্চিতি ঘাটতি সর্বাধিক, যার পরিমাণ ৫৬৭ কোটি ৫৩ লাখ টাকা। তারপর রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। এই ব্যাংকের সঞ্চিতি ঘাটতি রয়েছে ৩৯৮ কোটি ৭১ লাখ টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি রয়েছে ৫৮ কোটি চার লাখ টাকা। সোনালী ব্যাংকের ঘাটতি হয়েছে ৪০ কোটি ৮২ লাখ টাকা। বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঘাটতি রয়েছে তিন কোটি ১৬ লাখ টাকা এবং অগ্রণী ব্যাংকের ঘাটতি সৃষ্টি হয়েছে আট লাখ টাকা।