ব্যাংক খাতে ঋণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ব্যাংকসমূহের অতিমাত্রায় সতর্কতার ফলে বেসরকারি খাতে ঋণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।
ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আইসিসিবি আয়োজিত ‘ঋণঝুঁকি ও বাণিজ্য অর্থায়ন ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিমত দেন। তিনি বলেন, কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় বিবেকবর্জিত কতিপয় গ্রাহকের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে কয়েকটি রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে বিশাল অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়েছে। শুধু রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকগুলো থেকেই চার
হাজার কোটি টাকার বেশি এ ধরনের ঋণ দেওয়া হয়েছে। সতর্ক না হলে অদূর ভবিষ্যতে বেসরকারি ব্যাংকগুলোতেও একই ঘটনা ঘটতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
এ ধরনের কার্যক্রম বন্ধ করতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের অদক্ষতাই যেমন দায়ী, তেমনি তা সময়মতো পদক্ষেপ না নেওয়ার ব্যর্থতায় কেন্দ্রীয় ব্যাংককেও প্রশ্নের মুখোমুখি করেছে বলে তিনি মত দেন। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী। এতে বক্তব্য দেন আইসিসিবির ব্যাংকিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মামুন রশীদ, এইচএসবিসির প্রধান ঝুঁকি কর্মকর্তা চ্যাং, সোনালী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হোসেন।
মামুন রশিদ বলেন, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে একসময়ের প্রভাবশালী ব্যাংক জনতা ব্যাংক এখন টিকে থাকার জন্য লড়াই করছে। এ ছাড়া তিনি আশা প্রকাশ করেন যে বাণিজ্য অর্থায়নে নিয়োজিত বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপকেরা একসময় বিশ্বের বিভিন্ন দেশেও একই পদে আসীন হবেন।
জনাব চ্যাং বলেন, এই কর্মশালায় অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতার আলোকে সেবা প্রদান করলে তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
আইসিসি বিশ্বব্যাপী ট্রেড ফ্যাসিলিটেশন ডিল-এর প্রচারাভিযান চালাচ্ছে। ট্রেড ফ্যাসিলিটেশন-সুবিধা পেতে এবং আগামী কয়েক বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশকে অবশ্যই বেসরকারি খাতের উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এর জন্য বেসরকারি খাতের সহজ ঋণপ্রাপ্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ অতীব গুরুত্বপূর্ণ, আইসসিবি সভাপতি যোগ করেন।
ঝুঁকি এড়িয়ে বাণিজ্যিক ব্যাংকসমূহের এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের বেসরকারি খাতকে ঋণ প্রদানের জন্য নির্ভরযোগ্য এবং স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি চালুর বিষয়ে ওপর তিনি জোর দেন।