এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের ব্যাংক খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি মোহাম্মদ নূরুল আমিন
ব্যাংক খাতে একটা শৃঙ্খলা রয়েছে
প্রথম আলো: দেশের ব্যাংক খাত কেমন চলছে?নূরুল আমিন: ব্যাংক খাতে সম্প্রতি দু-একটা বিশৃঙ্খলার ঘটনা হয়েছে। তবে সামগ্রিকভাবে ব্যাংক খাতে একটা শৃঙ্খলা আছে। খাত ভিত্তিতে মুনাফা ঠিকই আছে। মুদ্রাবাজারে নগদ অর্থের ঘাটতি তেমন নেই, কলমানির সুদের হার দেখলে তা বোঝা যাবে। বছর দেড়েক আগে হঠাৎ অতিরিক্ত ঋণ বৃদ্ধির কারণে যে সমস্যা হয়েছিল তা এখন নেই। সরকারও বেশি ঋণ করছে না, বেসরকারি খাতের চাহিদা অনুযায়ী ঋণ জোগাতে কোনো সমস্যা হচ্ছে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। সব মিলে আমি বলব ব্যাংক খাত ভালো আছে।প্রথম আলো: বলা হচ্ছে, ব্যাংক খাতের ওপর নজরদারি ও তদারকি কমে গেছে?নূরুল আমিন: বেসরকারি ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও তদারকি ঠিকই আছে। আমরা ভালোভাবেই নিয়ন্ত্রিত রয়েছি। বেসরকারি ব্যাংকের কার্যক্রম পরিচালনাও আগের চেয়ে ভালো হয়েছে। কেননা বেসরকারি ব্যাংকগুলো কম্পিউটারাইজড হওয়ায় সব তথ্যই কেন্দ্রীয়ভাবে প্রধান কার্যালয় এবং শীর্ষ নির্বাহীর পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। ধরুন, একটা ঋণপত্র খুলতে কোনো শাখাকে কেন্দ্রের মাধ্যমেই যেতে হবে। শাখার সীমা ঠিক করা আছে। ফলে কেন্দ্রীয়ভাবেই সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ কাজগুলো হচ্ছে অনলাইনে। ফলে গ্রাহকের এখানে সময়ক্ষেপণের কোনো অভিযোগ আসবে না। আর পুরো ঋণ অনুমোদন, বিতরণ, তদারকি, প্রশাসনিক ব্যবস্থা সবই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এবং ভালোভাবেই চলছে।প্রথম আলো: হলমার্ক কেলেঙ্কারির ঘটনাকে যেভাবে দেখা হচ্ছে সেটা কি সঠিক পথ বলে মনে করেন?নূরুল আমিন: এখন পর্যন্ত আইনি ব্যবস্থা হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে এটা আমরা জানি। ফৌজদারি মামলা হয়েছে। যেহেতু এখানে দুর্নীতি যুক্ত হয়ে আছে, ফলে এটা ঠিকই আছে। কিন্তু, টাকা আদায়ে আমাদের অভিজ্ঞতা হলো অর্থঋণ আদালতে যেতে হবে। আশা করি সোনালী ব্যাংক সেটা করবে। দুদক করেছে প্রতারণা, জাল-জালিয়াতি ও আত্মসাতের মামলা। আবার এখানে মানি লন্ডারিংও হয়েছে। সে মামলাও দুদক করেছে। টাকা আদায় দুদকের কাজ নয়। আমি গণমাধ্যমে দেওয়া দুদক সদস্যের সাক্ষাৎকারে দেখেছি, তিনি বলেছেন, অর্থ আদায়ের মামলা তাঁরা করবেন না। আমি মনে করি টাকা আদায় হতেই হবে। সে ক্ষেত্রে সবচেয়ে ভালো পথটি নিশ্চয় সোনালী ব্যাংক এবং মালিক হিসেবে সরকার বেছে নেবে বলে আমি মনে করি।প্রথম আলো: এত বড় অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকে আমানতকারীদের মধ্যে কোনো সংশয়, দ্বিধা বা আস্থাহীনতা তৈরি হতে পারে বলে কি মনে করেন?নূরুল আমিন: সোনালী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন এবং দেশের সবচেয়ে বড় ব্যাংক বলেই আস্থাহীনতা তৈরি হয়নি। যদি এটা বেসরকারি খাতের কোনো ব্যাংক হতো, তা হলে ওই ব্যাংকের ওপর আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তবে আমি আগেই বলেছি বেসরকারি ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি যেমন বেশি, তেমনি ব্যাংকগুলো নিজেরাও আগের চেয়ে বেশি স্বনিয়ন্ত্রিত।প্রথম আলো: হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে বেসরকারি ব্যাংক জড়িয়ে আছে, এমন তথ্য-প্রমাণও মিলছে।নূরুল আমিন: ব্যাংকিংয়ের যে উপাদান ব্যবহার করে সোনালী ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়া হয়েছে, সেটি স্বীকৃত ব্যবসায়িক মডেল। সে ক্ষেত্রে অন্য অনেক গ্রাহক থাকতে পারেন। ফলে হলমার্ক যাঁদের সঙ্গে লেনদেন করল, তাঁরা অন্য ব্যাংকের গ্রাহক হতেই পারেন। এখন রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক যদি স্বীকৃতি দেয়, আর বিক্রেতা যদি সেই বিলটি তাঁর বেসরকারি ব্যাংকের কাছে জমা রেখে টাকা নিতে চান, বেসরকারি ব্যাংক তো তা করতেই পারে। দেখতে হবে বেসরকারি ব্যাংকটি তার গ্রাহকের কেওয়াইসি অর্থাৎ গ্রাহক সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে কি না। প্রকৃত ব্যবসায়ী বা উৎপাদনকারী গ্রাহকের এমন বিক্রেতা হওয়ার মতো যোগ্যতা থাকতেই পারে।প্রথম আলো: আপনার ব্যাংকেও এই লেনদেন আছে?নূরুল আমিন: আমাদের ব্যাংকে হলমার্কের সঙ্গে চার-পাঁচটা গ্রাহক লেনদেন করেছেন। আনুমানিক ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে। সব গ্রাহকই প্রকৃত ব্যবসায়ী ও উৎপাদনকারী। আমরা এঁদের কারখানা, উৎপাদনক্ষমতা ও উৎপাদিত পণ্য সম্পর্কে স্বচ্ছভাবেই জানি। এখানে গ্রাহক বা আমাদের ব্যাংকের কোনো ভুল নেই। [সাক্ষাৎকার নিয়েছেন মনজুর আহমেদ]