দেশে কর্মসংস্থান তৈরির একটি অন্যতম প্রধান ক্ষেত্র ব্যাংকিং খাত। পারিশ্রমিক, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা ভালো হওয়ায় দেশের তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশই এ খাতে কাজ করতে আগ্রহী। তবে বেশি পারিশ্রমিক পেয়েও এ খাতে কাজ করা ৫০ শতাংশের বেশি লোক তুলনামূলক বেশি পারিশ্রমিকের আশায় অন্য ব্যাংকে চলে যাচ্ছেন। কর্মস্থল পরিবর্তন বা চাকরি পরিবর্তনের এ ধারা নিয়ে একটি গবেষণা করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।
কর্মরত ব্যক্তিদের চাকরি পরিবর্তনের কারণ ও ব্যাংকিং খাতে এর আর্থিক প্রভাব নিয়ে এই গবেষণার ফলাফল নিয়ে গতকাল বৃহস্পতিবার বিআইবিএম মিলনায়তনে একটি কর্মশালার আয়োজন করা হয়। ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে চাকরি পরিবর্তনের ধারা ও অর্থনৈতিক প্রভাব’ শিরোনামের এই গবেষণায় নেতৃত্ব দেন বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক শাহ মোহাম্মদ আহসান হাবিব। তাঁর সঙ্গে আরও কাজ করেন বিআইবিএমের চারজন গবেষক ও বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান জন সরকার।
কর্মশালার শুরুতে বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে এতে উপস্থিত ছিলেন বিআইবিএম মোজাফ্ফর আহমদ চেয়ার অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বিআইবিএমের এ কে গঙ্গোপাধ্যায় চেয়ার অধ্যাপক এস এ চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমেদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হক।
অধ্যাপক আহসান হাবিব গবেষণা প্রতিবেদনের ফলাফল নিয়ে আলোচনায় বলেন, ‘একজন কর্মকর্তা কোন কোন কারণে ও কী পরিস্থিতিতে একটি ব্যাংক ছেড়ে অন্য ব্যাংকে চলে যান, আমরা এ গবেষণায় তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছি। কর্মস্থল পরিবর্তনের ফলে তার আর্থিক প্রভাব সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যাংকের ওপর কেমন প্রভাব ফেলে, তাও খোঁজার চেষ্টা করা হয়েছে এই গবেষণায়।’
গবেষণার তথ্য-উপাত্ত সংগ্রহ-প্রক্রিয়া সম্পর্কে আহসান হাবিব জানান, প্রাথমিক তথ্য সংগ্রহে তিন সেট প্রশ্নমালা ব্যবহার করা হয়েছে। ২৩টি বাণিজ্যিক ব্যাংকের উচ্চ, মধ্যম ও নিম্ন পর্যায়ের ২২৫ জন কর্মকর্তা এসব প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। ২৩টি ব্যাংকের মধ্যে রয়েছে তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ১৭টি বাণিজ্যিক ব্যাংক, একটি বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক ও দুটি বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক। নির্দিষ্ট কিছু বিষয় ধরে পরিস্থিতিভিত্তিক কয়েকটি ঘটনাও গবেষণার ফলাফল তুলে আনতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়মের মাধ্যমেও প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য সংগ্রহের সময়কাল ধরা হয়েছে ২০০৯ থেকে ২০১৩।
গবেষণার প্রাপ্ত ফলাফল সম্পর্কে আহসান হাবিব বলেন, ৫৫ থেকে ৭০ শতাংশ প্রাথমিক পর্যায়ের কর্মকর্তা চাকরি ছাড়েন বেতন ও আনুষঙ্গিক কম সুযোগ-সুবিধার কারণে। এর পাশাপাশি ব্যাংক কর্মক্ষেত্রের চাপ, কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি, বিকল্প চাকরির ব্যবস্থা ও পদোন্নতি লাভে বাধা চাকরি ছাড়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে গবেষণায়। উচ্চপর্যায়ের কর্মকর্তাদের চাকরি ছাড়ার পেছনে বেতনের পাশাপাশি উচ্চ পদ ও সামাজিক মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ হিসেবে গবেষণায় উঠে এসেছে।
প্যানেল আলোচনার বক্তব্যে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘চাকরি পরিবর্তনে সংস্কৃতি একটি অন্যতম বড় কারণ। এ কারণে পশ্চিমা বিশ্বে চাকরি পরিবর্তনের প্রবণতা বেশি, আর জাপানসহ প্রাচ্যের সংস্কৃতিতে চাকরি পরিবর্তনের প্রবণতা তুলনামূলকভাবে কম। কর্মক্ষেত্রের নিরাপত্তা পাশ্চাত্যের চেয়ে প্রাচ্যে বেশি গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের ব্যাংকিং খাতে নিয়োগ-প্রক্রিয়ার সমালোচনা করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর বলেন, ‘একজন নতুন মানুষ যখন একটি প্রতিষ্ঠানে যোগদান করেন, তাঁকে সঠিকভাবে গড়ে তোলা ওই প্রতিষ্ঠানেরই দায়িত্ব। এ ক্ষেত্রে নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, তাহলে চাকরি ছাড়ার প্রবণতা এমনিতেই কমে আসবে।’