ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে
ব্যাংক খাতে হল-মার্ক, বিসমিল্লাহর মতো বড় ঋণে অনিয়ম যেমন হয়েছে, তেমনি ছোট ছোট অনেক অনিয়মও হয়েছে সাম্প্রতিক সময়ে। এসব অর্থ কেলেঙ্কারি-জালিয়াতির কারণে ব্যাংকগুলোতে ঝুঁকিনির্ভর সম্পদের পরিমাণ আগের যেকোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। নিয়ম অনুসারে ব্যাংকের কোনো সম্পদ (ঋণ) ঝুঁকির মধ্যে থাকলে আমানতের নিরাপত্তায় মুনাফা থেকে মূলধন খাতে অর্থ সংরক্ষণ করতে হয়। সাম্প্রতিক সময়ে এসব ঋণ অনিয়মের কারণে এই ঝুঁকিনির্ভর সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের প্রয়োজনীয়তাও বেড়েছে।কিন্তু নিয়ম মেনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। আর এদের বিপুল ঘাটতির কারণে সামগ্রিক ব্যাংক খাতেই এখন মূলধন ঘাটতি দেখা দিয়েছে। চলতি বছরের মার্চ শেষে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১০ শতাংশের স্থানে ব্যাংকগুলো মূলধন সংরক্ষণ করতে পেরেছে ৮ দশমিক ৮০ শতাংশ। আগের প্রান্তিকে অর্থাৎ গত ডিসেম্বর শেষে যা ছিল ১০ দশমিক ৪৬ শতাংশ। ব্যাংকসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যাসেল কমিটির ব্যাসেল-২ সুপারিশ অনুসারে বাংলাদেশে বর্তমানে ন্যূনতম ৪০০ কোটি টাকা অথবা ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশের মধ্যে যা বেশি সেই পরিমাণ অর্থ মূলধন হিসেবে সংরক্ষণ করতে হয়। ব্যাসেল-২-এ ব্যাংকগুলোর ঋণ, বাজার ও কার্যক্রম পরিচালন ঝুঁকি বিবেচিত হচ্ছে। কিন্তু শিগগিরই ব্যাসেল-৩ অনুসারে মূলধন সংরক্ষণের দিকে ব্যাংকগুলোকে এগোতে হবে। তখন আরও তিনটি ঝুঁকি এর সঙ্গে বিবেচনায় নিতে হবে। এগুলো হলো ৩০ দিনের প্রয়োজনীয় তারল্যের সমপরিমাণ অর্থ সংরক্ষণ, নেট স্ট্যাবল ফান্ডিং রেশিওর ভিত্তিতে মূলধন সংরক্ষণ এবং ভালো সময়ের থেকে অতিরিক্ত অর্থ মূলধন হিসেবে সংরক্ষণ।বাংলাদেশ ব্যাংকের মার্চভিত্তিক প্রতিবেদনের তথ্যে দেখা গেছে, বর্তমানে ব্যাংক খাতে মোট পাঁচ লাখ ২৫ হাজার ৭৯২ কোটি টাকার ঝুঁকিভিত্তিক সম্পদ রয়েছে। এর বিপরীতে ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণে প্রয়োজন ৫৪ হাজার ৭৮৭ কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলো সংরক্ষণ করেছে ৪৬ হাজার ২৫৬ কোটি টাকা। ফলে ঘাটতি রয়েছে আট হাজার ৫৩১ কোটি টাকা।