ব্যাংক খাতে তারল্যঘাটতি নেই: কেন্দ্রীয় ব্যাংক
দেশের ব্যাংক খাতে কোনো তারল্যঘাটতি নেই। বরং ব্যাংক খাতে আজ বুধবার পর্যন্ত ২৮ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর হিসাবে (সিআরআর) দুই হাজার কোটি টাকা অতিরিক্ত রয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে ব্যাংকার্স বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, ব্যাংক ব্যবস্থায় কোনো তারল্যসংকট নেই। দু-একটা ব্যাংকে একটা চাপ থাকতে পারে। এটা হয়েছে ঋণ প্রবৃদ্ধির কারণে। তবে সামগ্রিক ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রয়েছে।বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, তারল্যসংকট যে নেই, তা বুঝা যাবে মুদ্রাবাজারের দিকে তাকালে। মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা (কলমানি) অর্থের সুদের হার মাত্র ৫ থেকে ৬ শতাংশ। এতে বুঝা যায় ব্যাংক ব্যবস্থায় যথেষ্ট তারল্য আছে।কে মাহমুদ সাত্তার আরও বলেন, কয়েকটি ব্যাংক যে আমদানি ঋণপত্র (এলসি) খুলতে পারছে না, তার কারণ ওইসব ব্যাংকে ঋণ আমানত অনুপাত অনেক বেশি। এখন তাদের উচ্চ সুদে আমানত সংগ্রহ করতে হচ্ছে।