ব্যাংক খাতে বিদেশ ভ্রমণে শৃঙ্খলা আনার উদ্যোগ
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সরকারি ও ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের বিষয়ে সম্প্রতি দুটি আলাদা ফরমের খসড়া তৈরি করেছে। সে অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মকর্তাদের ১৮ ধরনের তথ্য দিতে হবে। যেমন ভ্রমণকারীর আয়ের উৎস কী, বিদেশে কোথায় থাকবেন, খরচ কে বহন করবে, পরিবারের কোনো সদস্য সঙ্গে গেলে তাঁর সঙ্গে সম্পর্ক কী ও তাঁর খরচ কে বহন করবে, এক বছরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, বিদেশে থাকা অবস্থায় বিকল্প কর্মকর্তা কে হবেন ইত্যাদি।
এ ছাড়া আবেদনকারীর নাম, আইডি নম্বর, পদবি, বেতন ধাপ, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, মেয়াদকাল, পাওনা ছুটির কথাও বলতে হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গত রোববার প্রথম আলোকে বলেন, ‘বিদেশ ভ্রমণে শৃঙ্খলা আনার জন্য আমরা উদ্যোগটি নিয়েছি। বর্তমানে ফাইল প্রক্রিয়ায় সময় লাগে ১৫ দিন, নতুন নিয়মে এক দিনের বেশি লাগবে না।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ বিশেষ মৌসুমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ যাওয়া বেড়ে যায়। চিকিৎসার জন্য সারা বছরই আবেদন থাকে, তবে ছেলেমেয়েদের স্কুল-কলেজে ছুটির সময় ও হজের মৌসুমে আবেদন পড়ে বেশি।
সূত্র জানায়, বিদেশ ভ্রমণের জন্য বর্তমানে একেকজন একেকভাবে আবেদন করেন, যাতে আবার প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকে। সে জন্য ফাইল ফেরতও পাঠাতে হয়।
সচিব এম আসলাম আলম জানান, এত আবেদনের প্রক্রিয়া করতে অনেক সময় হিমশিম খেতে হয়। আর দেরি হলে কর্মকর্তারা ধরে নেন যে তাঁদেরটা হবে না। নানা তদবিরও আসে এ জন্য, যা বিব্রতকর। নতুন ফরমে কোনো যোজন-বিয়োজন করতে হবে কি না জানতে এরই মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মতামত চাওয়া হয়েছে বলে জানান তিনি।