প্রাক্–বাজেট ২০১৬–১৭ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের আলোচনা
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ
ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে পরামর্শ দিয়েছেন দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রকাশক, সম্পাদক ও প্রধান নির্বাহীরা। তাঁরা বলেন, কাজটি শুরু করতে হবে বাংলাদেশ ব্যাংক থেকেই। আবার বাংলাদেশ ব্যাংককেও জবাবদিহির আওতায় আনতে হবে।
সচিবালয়ে গতকাল রোববার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নানের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনা সভায় প্রকাশক-সম্পাদকেরা এমন পরামর্শ দেন। এতে অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ ব্যাংক স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করুক। গণতন্ত্রের প্রয়োজনে এবং অর্থনীতিতে শৃঙ্খলার প্রয়োজনে বিশ্বের অন্য দেশে তা-ই আছে।’ গণমাধ্যমের উদ্দেশে প্রতিমন্ত্রী এ-ও বলেন, ‘কয়েক মাস আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সৃজনশীলতা ও অভিনবত্ব নিয়ে আপনারাই ভূরি ভূরি প্রশংসা করেছিলেন।’
সমকাল-এর প্রকাশক এ কে আজাদ বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা আসেনি। বাংলাদেশ ব্যাংক অনেক ব্যর্থতা দেখিয়েছে। শৃঙ্খলা ফেরানোর কাজটা তাই বাংলাদেশ ব্যাংককে দিয়েই শুরু করতে হবে।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান (আবদুল হাই বাচ্চু) কীভাবে ঘুরে বেড়ান—অর্থমন্ত্রী নিজেই এমন প্রশ্ন তুলেছিলেন বলে উল্লেখ করেন এ কে আজাদ। তিনি বলেন, ‘দুর্নীতি করে কেউ ঘুরে বেড়ালে সৎ করদাতারা কর দিতে উৎসাহ পাবেন না।’
এ কে আজাদ মনে করেন, ঘোষণাবহির্ভূত বৈধ আয় ও অবৈধ আয় দুটিই কালোটাকা এবং দুটিই অপরাধ। তিনি বলেন, এনবিআর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত যৌথভাবে কালোটাকার মালিকদের ধরা।
ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতের সার্বিক অবস্থা খুবই খারাপ। অর্থনীতির ভিত নড়বড়ে করে দিচ্ছে এই ব্যাংক খাত। তিন ব্যাংক থেকেই ৯ হাজার কোটি টাকা লুট হয়েছে। এ টাকা উদ্ধারে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে না। বরং করের টাকা রাষ্ট্র খাতের ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) কত শতাংশ দুর্নীতিতে চলে যাচ্ছে, সেই হিসাব করার পরামর্শ দিয়ে রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘দুদক ইদানীং চুনোপুঁটি ধরছে, কিন্তু বাদ থাকছে রুই-কাতলা।’
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জ্বালানি তেলের দাম কমায় এ বছর ভালো সাশ্রয় হবে। কিন্তু সাশ্রয়ের সমপরিমাণ টাকা তো দিয়ে দিতে হবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে!’ বিনিয়োগের পরিবেশ তৈরি ও প্রকল্প বাস্তবায়নের মান বৃদ্ধির পরামর্শ দেন তিনি।
আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ সব পেশাজীবীর মধ্যে শীর্ষ ১০০ করদাতা চিহ্নিত করার পরামর্শ দেন।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, দৈনিক আমাদের সময়-এর সম্পাদক গোলাম সারোয়ার, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাণিজ্য সম্পাদক আশিক চৌধুরী আলোচনায় অংশ নেন।
তাঁরা সরকারের সহায়তায় সাংবাদিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালু, সরকারি বিজ্ঞাপন প্রচারে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন, বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ এবং বিদেশে বিনিয়োগের সুযোগ তৈরির সুপারিশ করেন।
সংবাদপত্র শিল্প প্রসঙ্গ: কমবেশি সবাই সংবাদপত্র শিল্প নিয়ে কথা বলেন। এর মধ্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম নিউজপ্রিন্ট আমদানিতে মূল্য সংযোজন করের (মূসক) হার কমানোর পরামর্শ দেন।
এ কে আজাদ বলেন, মান ভালো না হওয়ায় দেশীয় কাগজ ব্যবহার করা যাচ্ছে না। কাগজ আমদানিতে ১৫ শতাংশ মূসকসহ ২১ শতাংশের মতো শুল্ক-কর দিতে হয়।