ব্যাংক খাতে ২ লাখ গ্রাহক ঋণখেলাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা ও কার্ড ব্যবসায় এগিয়ে যারা, খেলাপি গ্রাহকের শীর্ষেও তারা। এসব ঋণ অনেকটাই জামানতবিহীন, এ কারণে গ্রাহকেরা খেলাপিও হয়ে পড়ছেন দ্রুত। তবে ছোট অঙ্কের ঋণ হওয়ায় এসব খেলাপি নিয়ে ব্যাংকগুলোও তেমন চিন্তিত নয় বলে জানিয়েছে। যদিও প্রত্যেক খেলাপি গ্রাহকের জন্য ব্যাংকগুলোকে পৃথকভাবে নথি প্রস্তুত করতে হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্যই নেওয়া হয় এ প্রস্তুতি।

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) মার্চভিত্তিক তথ্যে দেখা গেছে, গত মার্চ পর্যন্ত খেলাপি গ্রাহকের শীর্ষে রয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। এরপরই রয়েছে বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড, দেশীয় দ্য সিটি ও ইস্টার্ণ ব্যাংক। তবে কৃষকদের ছোট অঙ্কের ঋণ দেওয়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও উঠে এসেছে শীর্ষ ১০-এর তালিকায়। এরপর রয়েছে পূবালী, প্রাইম, অগ্রণী, উত্তরা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

কেন খেলাপি গ্রাহকের শীর্ষ তালিকায় ভোক্তা ও কার্ড ব্যবসায় মনোযোগী ব্যাংকগুলো—জানতে চাইলে দ্য সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলোর কার্ডে ৫ শতাংশ খেলাপি। এ ছাড়া ভোক্তা ঋণেও খেলাপি একটু বেশি। এ কারণে এসব ব্যাংকের খেলাপি গ্রাহকের সংখ্যা বেশি। তবে এসব খেলাপির টাকার অঙ্ক খুব বেশি নয়।

মাশরুর আরেফিন বলেন, ভোক্তা ও কার্ডে খেলাপি নিয়ে ব্যাংকগুলো চিন্তিত নয়। কারণ এসব খেলাপির কাছে পাওনা থাকে সর্বোচ্চ ১০ লাখ। অনেকের কাছে ২০-৩০ হাজারও থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ পর্যন্ত ব্র্যাক ব্যাংকের খেলাপি গ্রাহকের সংখ্যা ৩৯ হাজার ৫৬২। এসব গ্রাহকের কাছে ব্যাংকের পাওনা ৬৫২ কোটি টাকা। বেসরকারি খাতের এ ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি খাতে (এসএমই) আগ্রাসী ঋণ বিতরণ করায় খেলাপি গ্রাহকের পরিমাণ বেড়েছে। এ ছাড়া কয়েক বছর ধরে ব্যাংকটি ভোক্তা রিটেইল (খুচরা) ঋণেও আগ্রাসী হয়ে পড়েছে।

যোগাযোগ করা হলে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন প্রথম আলোকে বলেন, ‘আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি। এ কারণে খেলাপি গ্রাহক বেশি। তবে খেলাপি গ্রাহক বেশি এটা কোনো ব্যাপার নয়। খেলাপি ঋণ কত সেটাই গুরুত্বপূর্ণ।’

খেলাপি গ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। মার্চ পর্যন্ত ব্যাংকটির ৩০ হাজার ৩৪৬ জন গ্রাহক খেলাপি হয়ে পড়েছেন। এসব গ্রাহকের কাছে পাওনা ৪৬৩ কোটি টাকা। এসব গ্রাহকের বড় অংশই ক্রেডিট কার্ড ও রিটেইল ঋণের।

দ্য সিটি ব্যাংকের খেলাপি গ্রাহকের সংখ্যা ১৬ হাজার ৫৪৯। তাঁদের কাছে আটকে আছে ব্যাংকটির ১ হাজার ২১৪ কোটি টাকা। এসব গ্রাহকের বড় অংশই ক্রেডিট কার্ড ও রিটেইল ঋণের। তবে বড় অঙ্কের ঋণ নিয়েছেন এমন কয়েকজন গ্রাহকও খেলাপি হয়ে পড়েছেন ব্যাংকটির।

এরপরই খেলাপি গ্রাহকের তালিকায় রয়েছে ইস্টার্ণ ব্যাংক। ব্যাংকটির ১২ হাজার ৪৩৩ জন গ্রাহক খেলাপি। তাঁদের কাছে আটকে আছে ৬১৯ কোটি টাকা।

গত জানুয়ারিতে প্রায় ৮ লাখ ৭৭ হাজার ক্রেডিট কার্ড চালু ছিল। এর মধ্যে দ্য সিটি ব্যাংকেরই ২ লাখ ৮ হাজার। এ ছাড়া ইস্টার্ণ ব্যাংকের কার্ড ১ লাখ ৫০ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১ লাখ ৫০ হাজার ও ব্র্যাক ব্যাংকের ১ লাখ ৩ হাজার।

তবে কার্ড ও রিটেইল ঋণ ব্যবসা নেই এমন ব্যাংকও এ তালিকায় পঞ্চম অবস্থানে এসেছে। উত্তরাঞ্চলের কৃষকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে গঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি গ্রাহকের সংখ্যা ১০ হাজার ৯১০। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৫ কোটি টাকা।

বেসরকারি খাতের পূবালী ব্যাংকের খেলাপি গ্রাহক ১০ হাজার ৬২ জন। মার্চ পর্যন্ত এসব গ্রাহকের কাছে আটকে আছে ১ হাজার ১৭৫ কোটি টাকা। ছোট ঋণের পাশাপাশি বড় অঙ্কের বেশ কয়েকজন গ্রাহকও খেলাপি হয়ে পড়েছেন ব্যাংকটির।

প্রাইম ব্যাংকের খেলাপি গ্রাহক ৯ হাজার ২২০ জন। এসব গ্রাহকের কাছে আটকে আছে ব্যাংকটির ১ হাজার ১৪৭ কোটি টাকা।

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের খেলাপি গ্রাহক ৮ হাজার ৬০০ জন। খেলাপি গ্রাহকদের কাছে ব্যাংকের পাওনা ৬ হাজার ৮৬ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ খেলাপিদের কাছেই আটকে আছে বড় অংশ। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যাংকটিকে নানা অনিয়ম-দুর্নীতি ছড়িয়ে পড়ে। এসব ঋণই পরবর্তী সময়ে খেলাপি হয়ে পড়ে। অনিয়ম-দুর্নীতির কারণে ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদকে অপসারণও করে বাংলাদেশ ব্যাংক।

বেসরকারি খাতের উত্তরা ব্যাংকের খেলাপি গ্রাহক ৭ হাজার ৬৮৯ জন। গ্রাহকদের কাছে ব্যাংকের পাওনা ৭২০ কোটি টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খেলাপি গ্রাহক ৭ হাজার ৬৫৫ জন। এসব গ্রাহকের কাছে ব্যাংকের আটকে আছে ১ হাজার ৮২৯ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, গত মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি গ্রাহকের সংখ্যা ২ লাখ ২ হাজার ৬২৩। এসব গ্রাহকের কাছে ব্যাংকগুলোর আটকে আছে ৭৩ হাজার ৪০৯ কোটি টাকা। এর বাইরে আরও ৪৫ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। গত সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলো ছোট-বড় কোনো ঋণই নিয়ম মেনে বিতরণ করছে না। এ কারণে ঋণগুলো খেলাপি হয়ে পড়ছে। ঋণ বিতরণে ব্যাংকগুলোকে আরও স্বচ্ছতা আনতে হবে।