ব্যাংক খাতের জন্য নৈতিকতার মানদণ্ড তৈরির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতের জন্য একটি নৈতিকতার মানদণ্ড বা কোড অব এথিকস তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। গতকাল রোববার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম আয়োজিত এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বা তত্ত্বাবধানের মূল্যায়নবিষয়ক জাতীয় এই সেমিনারে নির্ধারিত আলোচক ছিলেন ইব্রাহিম খালেদ। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের শিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক শেখ মোজাফফর হোসেন।
নির্ধারিত আলোচক হিসেবে আরও বক্তব্য দেন রাষ্ট্রায়ত্ত একাধিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী প্রমুখ।
ইব্রাহিম খালেদ সেমিনারে আরও বলেন, ব্যাংকিং খাতে নীতি-নৈতিকতার অভাবে অনেক ধরনের অনিয়ম হচ্ছে। অনেক ব্যাংকের নিজস্ব কিছু নীতি-নৈতিকতা থাকলেও সেগুলোর পরিপালন বাধ্যতামূলক নয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যদি কিছু নৈতিকতার মানদণ্ড তৈরি করে দেওয়া হয়, তাহলে ব্যাংকগুলো তা পরিপালন করতে বাধ্য হবে। এর ফলে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
হলমার্কসহ ব্যাংক খাতের বড় বড় কিছু অনিয়ম বা কেলেঙ্কারির কথা উল্লেখ করে সাবেক এই ব্যাংকার বলেন, ‘যাঁরা এসব ঘটনা ঘটিয়েছেন, তাঁরা খুবই পারদর্শী। কারণ, ভালো চুরি করতে হলে ভালো চোর হতে হয়।’
বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের ফলে হলমার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলো ছোট্ট পরিসরে থাকা অবস্থাতেই ধরা পড়েছে। এর পরও এসব প্রতারণার পরিসর বা পরিমাণ এত বড় কীভাবে হলো সেটিই বড় প্রশ্ন। শুরুর দিকে এসব প্রতারণা উদ্ঘাটনের পরও কেন সেগুলো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারল না?
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, ‘শুধু ভালো বেতন দিয়ে সব সময় অনিয়ম বা দুর্নীতি দূর করা যায় না। ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) অনেক বেতন ও সুযোগ-সুবিধা পান। কিন্তু ব্যাংক খাতে কে বেশি অনিয়ম করেন? ব্যাংকের নিম্ন বেতনভুক্ত পিয়ন নাকি চেয়ারম্যান-এমডিরা?’
সেমিনারে মূল প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত অনেক ব্যাংকার এ খাতের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে সেগুলো বন্ধে নানা মত তুলে ধরেন।
সাবেক এক ব্যাংকার বলেন, রাজনৈতিক ও প্রভাবশালীদের কারণেই ব্যাংক খাতে বড় বড় অনিয়মের ঘটনা ঘটছে। এদের কাছে ব্যাংকারদের যেন নতি স্বীকার করতে না হয় সে জন্য তাঁদের জন্য পর্যাপ্ত সুরক্ষার বিধান করতে হবে। পাশাপাশি ব্যাংকারদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হলে ব্যাংকারদের জীবনযাত্রার ধরনের বিষয়টির ওপরও তদারকি রাখা উচিত। অপর এক ব্যাংকার এই খাতে ন্যায়পাল নিয়োগের সুপারিশ করেন।
ব্যাংক খাতে ঋণ প্রদান নিয়ে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে বলে অভিমত তুলে ধরেন বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা। তিনি বলেন, ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারিত না থাকায় একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনেক ব্যাংক মিলে বিপুল ঋণ দিচ্ছে। এর ফলে সার্বিকভাবে ঋণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে ইব্রাহিম খালেদ তাঁর বক্তব্যে বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে নির্ধারিত সীমা থাকা উচিত, যাতে এক বা একাধিক ব্যাংক থেকে এক ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই সীমার অতিরিক্ত ঋণ নিতে না পারেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে শেখ মোজাফফর হোসেন বলেন, একটি সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তাতে শুধু ওই কোম্পানির মালিকেরা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু কোনো ব্যাংক ব্যর্থ হলে তাতে মালিকদের পাশাপাশি সাধারণ মানুষ যাঁরা ব্যাংকে আমানত জমা রাখেন তাঁরাও ক্ষতিগ্রস্ত হন। তাই ব্যাংক খাতে শক্তিশালী তদারকি ব্যবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ।