ব্যাংক খাতের প্রভাবে মূল্যসূচক ঊর্ধ্বমুখী
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন ও সাধারণ মূল্যসূচক উভয়ই বেড়েছে। যদিও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে। তার পরও সার্বিক মূল্যসূচক ছিল ঊর্ধ্বমুখী। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যাংকিং খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূল্যসূচকও বেড়েছে। ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এরই মধ্যে তালিকাভুক্ত অনেকগুলো ব্যাংক বছর শেষের লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের মালিকানা নির্ধারণের জন্য এরই মধ্যে ব্যাংকগুলো রেকর্ড ডেট বা মালিকানা নির্ধারণী তারিখ ধার্য করেছে। এ অবস্থায় ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তাঁর আরও জানান, ব্যাংক খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির দিনে গতকাল অন্যান্য খাতের কোম্পানিগুলোর কিছুটা মূল্য সংশোধন হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টির লেনদেন হয়। এর মধ্যে ২৭টির দাম বেড়েছে, কমেছে মাত্র একটির দাম। আর এরই ইতিবাচক প্রভাব পড়েছে সূচকে। দিন শেষে বুধবার ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৯৫ পয়েন্টে। এ দিন ঢাকার বাজারে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টিরই দাম কমেছে, বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত ছিল আটটির কোম্পানির শেয়ারের দাম। ঢাকার বাজারে গতকাল প্রায় ৫৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বুধবার প্রায় ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬২ পয়েন্টে। সিএসইতে এ দিন লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে ১১৪টিরই দাম কমেছে, বেড়েছে ৬৪টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। চট্টগ্রামের বাজারে গতকাল ৬২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি।