ব্যাংক খাতের প্রভাবে লেনদেন ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১৭ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত সোমবার ঢাকার বাজারে ৫০৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৫২ কোটি টাকা। লেনদেনের পাশাপাশি দুই বাজারে সূচকও বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং খাতের চাঙা ভাব বাজারের লেনদেন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। এর আগে গত মঙ্গলবার এ খাতের মূল্য সংশোধনকে বাজারের লেনদেন কমে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নতুন করে অর্থ বিনিয়োগ হয়েছে। মূল্য সংশোধনের কারণে ওই অর্থ সাময়িকভাবে আটকে যায়। আর গতকাল আবারও ব্যাংকিং খাতের শেয়ারে চাঙা ভাব ফিরে আসায় স্বাভাবিক প্রক্রিয়ায় আটকে থাকা ওই অর্থ বাজারে ঘূর্ণমান হয়েছে।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ব্যাংকিং খাতের চাঙা ভাবের কারণেই মূলত লেনদেনের পরিমাণও বেড়েছে। কয়েক দিন ধরে ব্যাংকিং খাতটি বেশ ভালো অবস্থায় রয়েছে। এ কারণে এ খাতে বিনিয়োগও বাড়ছে। দীর্ঘদিন ধরে ব্যাংকের শেয়ারের দাম অবমূল্যায়িত অবস্থায় ছিল।
শাকিল রিজভী আরও বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো তাদের নয় মাসের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, অনেকগুলোর আয় বেড়েছে। আবার অনেকগুলোর আয় কমেছে। এ ছাড়া সামনে বছর শেষের লভ্যাংশ ঘোষণার বিষয়টিও রয়েছে। এ দুইয়ে মিলিয়ে এ খাতে এখন চাঙা ভাব বিরাজ করছে। যেহেতু এ খাতে চাঙা ভাব রয়েছে, তাই সবগুলোরই দাম বাড়ছে।
ঢাকার বাজারে গতকাল ব্যাংকিং খাতের ৩০ কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশ। এদিন লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে একটি বাদে সবগুলোরই দাম বেড়েছে। এর আগের দুই দিন এ খাতে কিছুটা মূল্য সংশোধন ঘটেছিল।
মূল্যবৃদ্ধিতে চাঙা ভাব থাকলেও আগের দিনের ধারাবাহিকতায় লেনদেনে এগিয়ে ছিল বস্ত্র খাত। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটিই ছিল এ খাতের।
ঢাকার বাজারে দিন শেষে সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ২৪২ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেড়েছে।
চট্টগ্রামের বাজারে ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ১৪৯ পয়েন্ট। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি টাকায়।