ব্যাংক খাতের মুনাফা খেয়ে ফেলছে খেলাপি ঋণ
ব্যাংক খাতের মুনাফাকে খেয়ে ফেলছে খেলাপি ঋণ। বিশেষ করে রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকের অস্বাভাবিক খেলাপি ঋণ ২০১৪ সালে পুরো ব্যাংক খাতের সার্বিক মুনাফা কমিয়ে দিয়েছে। এ ছাড়া মন্দ ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) বাবদ বেশি অর্থ জমা রাখতে হয়েছে। এতেও ব্যাংক খাতে সার্বিকভাবে মুনাফা কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০১৪ সালে ব্যাংক খাতে সার্বিক মুনাফার পরিমাণ ছিল ৬ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম। ২০১৩ সালে ব্যাংক খাতে মুনাফার পরিমাণ ছিল প্রায় ৭ হাজার ২৫৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ২০১৩ সালে ব্যাংক খাতে প্রভিশনিং করতে হয়েছিল ৪ হাজার ৬১০ কোটি টাকা। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৪৩০ কোটি টাকায়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নিরাপত্তা সঞ্চিতির পরিমাণ বেড়েছে প্রায় ৮৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১৪-তে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল রোববার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক এ প্রতিবেদনটি প্রকাশ করেন গভর্নর আতিউর রহমান। এ উপলক্ষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ এখনো উদ্বেগের বিষয়। ব্যাংক খাতে খেলাপি ঋণের জঞ্জাল ঐতিহাসিকভাবে পাওয়া। এটি এক দিনে তৈরি হয়নি। খেলাপি ঋণের জঞ্জাল থেকে বেরিয়ে আসতে হলে বিশেষ কর্মসূচি হাতে নিতে হবে।
খেলাপি ঋণের জঞ্জাল কমাতে গভর্নর অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সহযোগিতা চান। ব্যাংকের শীর্ষ নির্বাহীদের উদ্দেশ করে এ সময় গভর্নর বলেন, ‘ঋণ বিতরণের ক্ষেত্রে আপনাদের আরও যৌক্তিক হতে হবে। যেসব প্রকল্প বা ঋণগ্রহীতা থেকে ঋণের কিস্তি নিয়মিত পাবেন না, তাদের পুনরায় ঋণ দেবেন কি না, এ বিষয়ে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’ নতুন করে যেন আর কোনো ঋণমানের অবনতি না ঘটে, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে সেই প্রত্যাশা তুলে ধরেন গভর্নর।
আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশের পর এটির বিভিন্ন দিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন এস কে সুর চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংক খাতের ২০১৪ সালে মুনাফার হার কমে গেছে।
গত জুন মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক খাতের খেলাপি ঋণের যে পরিসংখ্যান সংসদে দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ বেসিক ব্যাংকের। ব্যাংকটির প্রায় ৫৭ শতাংশ ঋণই খেলাপি।
২০১৪ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী, ওই বছরে সার্বিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭ শতাংশে। ২০১৩ সালে যার পরিমাণ ছিল ৮ দশমিক ৯ শতাংশ। তবে নতুন ৯টি ব্যাংকের খেলাপি ঋণ ও মুনাফার হার দুই-ই সার্বিক ব্যাংক খাতের চেয়ে কম রয়েছে।
প্রতিবেদনে ব্যাংক খাতের জন্য ‘ঋণ ঝুঁকিকে’ প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে । আর এ ঋণ ঝুঁকির বেশির ভাগই স্থিতিপত্র বা ব্যালান্স শিটভুক্ত।
এদিকে, ২০১৪ সালে আর্থিক খাত সার্বিকভাবে স্থিতিশীল ছিল বলে দাবি গভর্নরের। তবে কিছু ব্যাংকের প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ‘উদ্বেগ’ সৃষ্টি করে বলে তিনি জানান।