ব্যাংক খাতের লুটপাটে আমরা উদ্বিগ্ন, চিন্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘ব্যাংক খাতে লুটপাট নিয়ে আমরাও উদ্বিগ্ন, চিন্তিত। এটা যাতে আর না হয়, এ জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আমরা তদন্ত চালাচ্ছি এবং তদন্তের পরে মামলা হচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার বিরোধী দল ও সাংসদের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পাস হওয়া ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতের মঞ্জুরি সম্পর্কিত ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা ব্যাংক ও আর্থিক খাতের লুটপাট ও অনিয়মের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেন।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ব্যাংকিং খাত এখন লুটপাটের জায়গা। যে যত পারে লুটপাট করছে। কারণ ফেরত দিতে হচ্ছে না। তারা লুটপাট করবে আর আমরা টাকা দেব, এটা তো হতে পারে না। সরকারকে বলব বাজেট বাস্তবায়নের জন্য জনগণের কাছ থেকে টাকা না নিয়ে নিজেরা সংগ্রহ করে নেন। লুটপাটকারীদের কাছ থেকে টাকা উদ্ধার করে তা দিয়ে বাজেট বাস্তবায়ন করেন।’
ফিরোজ রশীদ আরও বলেন, দেশে এখন লুটপাটের অন্যতম মাধ্যম ব্যাংক। জনগণের টাকা এখন আর রাস্তাঘাটে ছিনতাই হয় না। পুলিশ এই ছিনতাই বন্ধ করে দিয়েছে। নতুন ধরনের ছিনতাইকারীরা টাকা ছিনতাইয়ের জন্য ব্যাংকে ঘোরাঘুরি করে। কিছু ক্ষেত্রে তো পুরো ব্যাংকই ছিনতাই হয়ে গেছে। অর্থমন্ত্রীকে এটা বন্ধ করতে হবে।
ফিরোজ রশীদ ব্যাংক ও আর্থিক খাতে ২ হাজার ৫২৮ কোটি ৫৬ লাখ টাকার পরিবর্তে এক টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি গেছে। বেসিক ব্যাংক লুট হয়ে গেছে। হল-মার্কের মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা লুট করেছেন প্রভাবশালীরা। ডেসটিনিসহ কয়েকটি প্রতিষ্ঠান মানুষকে নিঃস্ব করে ফেলেছে। অর্থ মন্ত্রণালয় এসবের কোনো প্রতিকার করতে পারেননি। সেই মন্ত্রণালয়কে টাকা দেওয়া কতটা যৌক্তিক?
একই দলের নুরুল ইসলাম মিলন বলেন, ব্যাংক খাতে যে অব্যবস্থাপনা, তাতে তাদের টাকা দেওয়ার কোনো মানে হয় না। এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। অথচ অর্থমন্ত্রী এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছেন না।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমাদের অর্থনীতি ব্যাংকিং খাতের ওপর নির্ভরশীল। সেই ব্যাংক খাতে কোনো শৃঙ্খলা নেই। এ নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছি। কিন্তু কোনো কাজ হয়নি। শৃঙ্খলা আসেনি। এ জন্য বলছি আগে শৃঙ্খলা আনতে হবে। বিশৃঙ্খলা নিরসনে কমিশন গঠন করতে হবে। ব্যাংক থেকে টাকা লুটপাটের পর পুঁজির যে ঘাটতি হচ্ছে সেটা জনগণের টাকা দিয়ে পূরণ করা হচ্ছে। সারা জীবন এভাবে চলতে পারে না।’
পরে ফখরুল ইমামের বক্তব্যের জবাব দিতে গিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, বেসিক ব্যাংকের ক্ষেত্রে সব কটি মামলা এখনো হয়নি। এ-সংক্রান্ত প্রতিবেদনটি দুদকের কাছে আছে। তবে আপনারা নিশ্চিত থাকেন, যেসব লোকের বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং তদন্তে দোষ প্রমাণিত হয়েছে, তাঁদের সবাইকে দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় আনবে।