ব্যাংক খাতের স্বতন্ত্র বেতন কাঠামো আটকে গেল!
বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর জন্য স্বতন্ত্র বেতনকাঠামো শেষ পর্যন্ত না-ও হতে পারে। সরকারের দিক থেকে অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে চুপচাপই থাকছেন।
তবে মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকসহ ব্যাংক খাতের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো করার সম্ভাবনা খুবই ক্ষীণ।
অর্থসচিব মাহবুব আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশ নিয়েই কাজ করছি।’
অথচ ২০১৩ সালের নভেম্বরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো হবে। তৎকালীন অর্থসচিব ফজলে কবির এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমও তখন বলেছিলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। প্রজ্ঞাপন হওয়া শুধু সময়ের ব্যাপার।’
কেন্দ্রীয় ব্যাংক এবং সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক লিমিটেডের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো করতে কোনো আইনি বাধা নেই বলে জানা গেছে। আইন মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে দুই বছর আগেই। তখন অনুমোদন দিয়েছে সচিব কমিটিও। তবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ ব্যাপারে নানা উদ্যোগ নিয়েও পরে পিছিয়ে যায়।
বাস্তবায়ন অনুবিভাগ থেকে তখন বলা হয়েছিল, দশম জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কারণে কারও বেতন বাড়ানো সম্ভব হবে না। স্বতন্ত্র বেতনকাঠামো করতে গেলে বিদ্যমান চাকরি (পুনর্গঠন ও শর্তাবলি) আইনের সংশোধন করতে হবে। আর, যেকোনো আইনেরই সংশোধনের এখতিয়ার রাখে জাতীয় সংসদ।
তবে বাস্তবায়ন অনুবিভাগের যুক্তির পাল্টা যুক্তিও রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের। তাঁদের মতে, চাকরি (পুনর্গঠন ও শর্তাবলি) আইন, ১৯৭৫-এর ৫ ধারার ক্ষমতাবলে সরকার বেতনকাঠামোর আদেশ জারি করে।
জানা গেছে, ২০১৩ সালের শেষ দিকে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এবং বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস, ২০০৩ অনুযায়ী স্বতন্ত্র বেতনকাঠামোর একটি প্রস্তাব নিজের পর্ষদ বৈঠকে উপস্থাপন করে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ তা অনুমোদন দিলে অর্থ বিভাগে পাঠানো হয়। তারপর এর আর কোনো অগ্রগতির তথ্য জানা যায় না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র বা পৃথক বেতনকাঠামো তৈরি করতে সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে। আমরা এ প্রতিশ্রুতি পূরণের প্রতীক্ষায় আছি।’
বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের অভিন্ন বেতনকাঠামোর বিষয়টিও সিদ্ধান্ত হয়েই ছিল। এ ব্যাপারে কয়েক বছর আগে তৎকালীন আইনসচিব হাবিবুল আউয়ালের মতামত নেয় অর্থ বিভাগ। তবে ইতিবাচক এ মত কার্যকর করা হয়নি। হাবিবুল আউয়াল এ বিষয়ে অর্থ বিভাগকে এক চিঠিতে জানিয়েছিলেন, কোম্পানি হওয়ার পর সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের পৃথক বেতনকাঠামোর বিষয়টি তাঁদের পর্ষদের সিদ্ধান্তেই হতে পারে। হাবিবুল আউয়ালের মন্তব্যে রূপালী ব্যাংকের ব্যাপারে কিছু বলা ছিল না। কেননা রূপালী ব্যাংক আরও অনেক আগে থেকেই কোম্পানি হয়ে শেয়ারবাজারে তালিকাভুক্তও হয়ে রয়েছে। আর সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক ২০০৭ সালে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে পরে নতুনভাবে ব্যাংকের লাইসেন্স নেয় বাংলাদেশ ব্যাংক থেকে।
বিদ্যমান জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকুরেদের ২০টি ধাপ (গ্রেড) রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন বেতন ও চাকরি কমিশন গত ২০ ডিসেম্বর সরকারের কাছে যে সুপারিশ জমা দিয়েছে, তাতে ১৬টি ধাপের কথা বলা হয়েছে।
কিন্তু, কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্র খাতের চার বাণিজ্যিক ব্যাংক ২০ ধাপের কাঠামো ভেঙে ১১ ধাপ করতে সরকারের কাছে দাবিসংবলিত সুপারিশ জানিয়ে আসছিল। যাতে বেতন-ভাতা বাড়ানোর দাবি ৭০ শতাংশ পর্যন্ত। সর্বনিম্ন ধাপে মূল বেতন ছয় হাজার টাকা ও সর্বোচ্চ ধাপে ৫৫ হাজার টাকা চাওয়া ছিল তাঁদের।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ফরাসউদ্দিন কমিশন কেন্দ্রীয় ব্যাংক ও চার ব্যাংকের চাওয়ার চেয়েও বেশি সুপারিশ করেছে—চলতি বছরের ১ জুলাই থেকে যার বাস্তবায়ন নিয়ে কাজ চলছে। এই কমিশন ব্যাংক খাতের পৃথক বেতনকাঠামো নিয়েও জোর সুপারিশ করেনি।
এ ব্যাপারে ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ হচ্ছে, ‘বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা বেতনকাঠামো সরকার চাইলে করতে পারে। সে ক্ষেত্রে জাতীয় বেতনকাঠামোর ধাপের সমান ধাপ এক্ষেত্রেও থাকা বাঞ্ছনীয়।’
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সুপারিশকৃত জাতীয় বেতনকাঠামোর ১৬ ধাপের সঙ্গে প্রস্তাবিত ব্যাংক খাতের ১১ ধাপের মেলানোটাও নতুন জটিলতা তৈরি করতে পারে।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ বলেন, ব্যাপারটি এমন নয় যে ব্যাংকারদের ব্যয়ভার মেটাতে স্বতন্ত্র বেতনকাঠামো চাওয়া হচ্ছে। দক্ষ মানবসম্পদ পাওয়া এবং বেসরকারি ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতার জন্যও দরকার এ খাতের জন্য আলাদা কাঠামো।
আপাতত জাতীয় বেতনকাঠামোর জন্য সবাই চুপচাপ থাকলেও পরবর্তীকালে এটা নিয়ে আবার দাবি উঠবে বলে মনে করেন সৈয়দ হামিদ।
বাংলাদেশ ব্যাংকসহ চার ব্যাংকে বর্তমানে ৬৫ হাজারের মতো কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।