ব্যাংক খাদ্য বিমা ও টেলিযোগাযোগ খাত চাঙা
ঢাকার শেয়ারবাজারে আজ সোমবার ঈদের ছুটির আগে সর্বশেষ কর্মদিবসে ব্যাংক, খাদ্য, বিমা ও টেলিযোগাযোগ খাতে চাঙাভাব দেখা যায়। এ ছাড়া সিরামিক, সিমেন্ট, আর্থিক খাতেরও বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ে।লেনদেন শেষে বিভিন্ন খাত বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারেরই দাম বেড়েছে আজ। এ ছাড়া খাদ্য খাতের ১৩টির মধ্যে ১২টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৯টির, সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সাতটির ও পাট খাতের দুটি প্রতিষ্ঠানের মধ্যে দুটিরই দর বাড়ে। এ ছাড়া ২১টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টিরই। আজ টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের ১১ টাকা, ভ্রমণ ও পর্যটন খাতের একমাত্র প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজের দাম বেড়েছে ২৮.২৫ টাকা। তবে অন্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা যায়।আজ সবচেয়ে বেশি বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দর। এ ছাড়া মালেক স্পিনিং, ফেডারেল ইনস্যুরেন্স, দেশ গার্মেন্টস, সাফকো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, মুন্নু সিরামিকস, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, জুট স্পিনার্স ও তাল্লু স্পিনিং দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।