ব্যাংক গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি নীতিমালা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক কোনো ব্যাংকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনলে তা সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
অভিযোগের ধরন অনুযায়ী অধিক স্পর্শকাতর, স্পর্শকাতর ও সাধারণ—এ তিন ভাগে ভাগ করে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করতে হবে। অধিক স্পর্শকাতর অভিযোগের মধ্যে জালিয়াতির অভিযোগ আগে নিষ্পত্তি করতে হবে।
গ্রাহকের সঙ্গে ব্যাংকারের আচরণ কেমন হবে সে বিষয়গুলো ধরে গ্রাহকসেবা ও অভিযোগ ব্যবস্থাপনা নামে নতুন এ নীতিমালা গতকাল বাংলাদেশ ব্যাংক জারি করেছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকালই সব ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে তা পাঠানো হয়েছে।
যেসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারে, তা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে সাধারণ গ্রাহক ছাড়া রয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএবি ও ভিআইপিদের অভিযোগ। স্পর্শকাতর অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ ও দুর্ব্যবহার-সংক্রান্ত অভিযোগ, বৈদেশিক রেমিট্যান্স ও মেয়াদোত্তীর্ণ বৈদেশিক বিল পরিশোধ-সংক্রান্ত অভিযোগ আর সরকারের অগ্রাধিকার খাত বিষয়ে অভিযোগ।
গ্রাহকের সাধারণ কোনো জিজ্ঞাসা থাকলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করতে হবে। স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর কিন্তু তদন্তের প্রয়োজন নেই এমন ক্ষেত্রে নিষ্পত্তির সময় থাকবে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন। যেসব ক্ষেত্রে তদন্তের প্রয়োজন আছে, তা নিষ্পত্তিতে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় নেওয়া যাবে। অভিযোগের ধরন ও নিষ্পত্তির বিস্তারিত তথ্য ব্যাংকগুলোকে প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি শাখায় অভিযোগ সেল গঠন করতে হবে। সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ফোন নম্বরসহ যোগাযোগের ঠিকানা শাখায় দর্শনীয় স্থানে টানিয়ে রাখতে হবে। অভিযোগ পর্যালোচনায় ত্রৈমাসিক ভিত্তিতে প্রধান কার্যালয়ে বৈঠক করতে হবে। পরে সুপারিশসহ একটি প্রতিবেদন পরিচালনা পর্ষদে ষাণ্মাসিক ভিত্তিতে উপস্থাপন করতে হবে।