ব্যাংক ছাড়া এনজিওর লাখ টাকার বেশি লেনদেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কার্যক্রম পরিচালনাকারী সব বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও এবং অলাভজনক সংস্থা বা প্রতিষ্ঠানকে (এনপিও) মানি লন্ডারিং বা মুদ্রা পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে এনজিও এবং এনপিওগুলোর যেকোনো ধরনের সন্দেহজনক লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ইউনিটকে জানাতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এনজিও এবং এনপিওগুলো এক লাখ টাকার বেশি লেনদেন করলে অবশ্যই তা ব্যাংকের মাধ্যমে করতে হবে। বিদেশি সাহায্য বা অনুদান গ্রহণে ব্যবহার করতে হবে একটিমাত্র ব্যাংক হিসাব। কোনো এনজিও বা এনপিও বেনামে, ছদ্মনামে বা শুধু নম্বরযুক্ত কোনো গ্রাহক হিসাব খুলতে পারবে না। এমনকি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এনজিও এবং এনপিওগুলোর কাছ থেকে সুবিধাভোগী সেবা নেবে, তাদের ব্যাংক হিসাবের ক্ষেত্রে এ বিধান পরিপালন করতে হবে।
এ ছাড়া মুদ্রা পাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন বন্ধে প্রত্যেক এনজিও এবং এনপিওর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে একটি ‘কেন্দ্রীয় পরিপালন ইউনিট’ খুলতে হবে। যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী এনজিও ও এনপিওর সঙ্গে বছরে ২০ হাজার টাকার বেশি অর্থ বা সেবা লেনদেন করবে, তাদের পূর্ণাঙ্গ পরিচিতি ও সংশ্লিষ্ট দলিল সংরক্ষণ করা বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি এনজিও এবং এনপিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তালিকাভুক্ত এমন কোনো ব্যক্তি বা সত্তা থেকে ঋণ বা অনুদান গ্রহণ করতে পারবে না, যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও ধ্বংসাত্মক অস্ত্র বিস্তারের অর্থায়নের সঙ্গে জড়িত রয়েছে। একইভাবে বাংলাদেশ সরকারের যেসব ব্যক্তি, সংস্থা ও সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাদের হালনাগাদ তথ্য সংরক্ষণ করতে হবে এনজিও এবং এনপিওগুলোকে। এসব ব্যক্তি বা সত্তার সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না।