ব্যাংক জালিয়াতি ও চোরাচালান মামলার সহায়তায় কমিটি
ব্যাংক জালিয়াতি, মাদক ও সোনা চোরাচালান এবং মানব পাচার মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সহায়তা দিতে একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বুধবার এ কমিটি গঠন করে।
ছয় সদস্যের এ কমিটির আহ্বায়ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ অনুসন্ধান ও তদন্তবিষয়ক মহাপরিচালক এবং সদস্যসচিব সংস্থাটির একই বিভাগের একজন পরিচালক। বাকিরা হেলন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক পদমর্যাদার একজন; জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রথম সচিব মর্যাদার দুজন এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা।
কমিটির কার্যপরিধি হচ্ছে ব্যাংক জালিয়াতি, মাদক ও সোনা চোরাচালান এবং মানব পাচার-সংক্রান্ত আলোচিত মানি লন্ডারিং মামলাগুলো বাছাই করে দ্রুত তদন্ত, তদন্ত পর্যায়ে আন্তসংস্থা সমন্বয়, মামলার বাদী ও আইন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ইত্যাদি কাজ করা।