ব্যাংক থেকে সরকারের ব্যাপক হারে ঋণ নেওয়াকে দেশের ব্যবসায়ীরা সমর্থন করেন না। বরং এর ফলে বেসরকারি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ এই অভিমত প্রকাশ করেছেন।গতকাল শনিবার এফবিসিসিআইয়ের এসএমই মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এ কে আজাদ আরও বলেন, সরকার যেন বাজেটের অন্যান্য জায়গায় কাটছাঁট করে, যেন ব্যাংক থেকে সরকারকে আর ঋণ নিতে না হয়—এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে।দেশের অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে আছে মন্তব্য করে সংবাদ সম্মেলনে এ কে আজাদ বলেন, ‘সরকারকে বিভিন্ন খাতে বছরে ২১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ব্যাংকে মারাত্মক তারল্য সংকট দেখা দিয়েছে। সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। আরও ২০ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাব করেছে। সরকার এভাবে ব্যাংক ঋণ নেওয়ায় ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য টাকা পাচ্ছে না।’আরেক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনেই আমরা ব্যাংক থেকে সরকারের উচ্চ হারে ঋণ নেওয়ার পরিকল্পনায় আপত্তি জানানো হয়েছিল। ব্যাংক থেকে এভাবে ঋণ নেওয়াকে আমরা সমর্থন করি না। নতুন করে যদি সরকার আরও ২০ হাজার কোটি টাকা ঋণ নেয়, তাহলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।’ব্যাংক থেকে সরকারের উচ্চ হারে ঋণ গ্রহণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কতটা কমেছে, জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, হালনাগাদ কোনো তথ্য-উপাত্ত তাঁদের কাছে নেই। তবে কমেছে, তাতে কোনো সন্দেহ নেই।অবশ্য বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য আছে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসের অর্থাৎ জুলাই-অক্টোবর সময়কালের। এতে দেখা যায়, আলোচ্য সময়কালে বেসরকারি খাতে ঋণপ্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় পৌনে পাঁচ শতাংশ বেড়েছে। আবার গত বছরের অক্টোবরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, চলতি বছর অক্টোবরে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বেড়েছে প্রায় সাড়ে ২১ শতাংশ। একই সময় অর্থাৎ অক্টোবর মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণগ্রহণের পরিমাণবেড়েছে প্রায়৬২ শতাংশ।তবে নভেম্বর মাসের বেসরকারি খাতের ঋণপ্রবাহের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।