ব্যাংক থেকে টাকা তুলতে গ্রাহকদের ব্যাপক ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। গ্রাহকের লেনদেন সারতে অনেক ব্যাংকের শাখা সাধারণ অফিস সময় শেষেও খোলা ছিল।আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোও সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহার জন্য বন্ধ থাকবে। তবে পাঁচ দিনের এ ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় কিছু শাখা ব্যাংক আজ শুক্রবার ও কাল শনিবার, বিশেষত পোশাকশিল্প এলাকার ও বৈদেশিক বিনিময়-সংক্রান্ত শাখা খোলা থাকছে। ঈদের ছুটির পর আগামী বুধবার আবার ব্যাংকগুলো খুলবে।এদিকে, টানা বন্ধের আগে গতকাল গ্রাহকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লেনদেন সারতে হয়েছে। বিকেল চারটার পরও কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় ভিড় লক্ষ করা গেছে।সকাল থেকেই রাজধানীর বেশির ভাগ ব্যাংকে এমন লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন গ্রাহকেরা। তাঁদের বেশির ভাগই টাকা তুলতে লাইনে ছিলেন দীর্ঘ সময়।এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে টাকা তুলতেও লাইনে দাঁড়াতে হয়েছে অনেককে।ঈদ সামনে রেখে গ্রাহকের এই অতিরিক্ত অর্থ ওঠানোর চাপে কয়েক দিন ধরে চাহিদার তুলনায় ব্যাংকগুলোতে নগদ অর্থের জোগান কম ছিল। গতকাল এ চাহিদা আরও বাড়ে। এতে অনেক ব্যাংকে নগদ অর্থের বেশ সংকটও দেখা দেয়। জানা গেছে, কোনো কোনো ব্যাংক শাখায় বড় অঙ্কের অর্থ উত্তোলনের মতো প্রয়োজনীয় টাকা ছিল না। নগদ টাকা জোগাড় করে তার পর গ্রাহকের চাহিদা মেটাতে হয়েছে।চাহিদার এই চাপ শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে মুদ্রাবাজারের ওপর। অনেক ব্যাংককে তাই মুদ্রাবাজার থেকে স্বল্প সময়ের জন্য টাকা ধার (কলমানি) করতে হয়েছে উচ্চ সুদে। গতকাল শেষ পর্যন্ত কলমানির সুদের হার গিয়ে ঠেকে সর্বোচ্চ ২৩ শতাংশে। আর সর্বনিম্ন সুদের হার ছিল ১৮ শতাংশ। লেনদেন হয়েছে পৌনে পাঁচ হাজার কোটি টাকা।অবশ্য গ্রাহকের বাড়তি টাকা উত্তোলনের চাপ সামলাতে বাংলাদেশ ব্যাংকও গতকাল মুদ্রাবাজারে বিপুল পরিমাণ অর্থ জোগান দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ দিন প্রায় পৌনে সাত হাজার কোটি টাকা জোগান দেয়। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকে তাদের ট্রেজারি বিল জমা রেখে রেপোতে (পুনঃ ক্রয়চুক্তি) ৩০০ কোটি টাকা ধার করে। বিশেষ রেপো দেওয়া হয়েছে পৌনে ৫০০ কোটি টাকা। এ ছাড়া প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আরও ছয় হাজার কোটি টাকা সহায়তা হিসেবে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এছাড়া বাংলাদেশ ব্যাংকে গত বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপো নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে এক দিন মেয়াদি ৩২৩০৩ দশমিক ৭২ কোটি টাকার ১২টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ৩০০ দশমিক ৪২ কোটি টাকার সব দরপত্রই গৃহীত হয়।বিশেষ রেপো হিসেবে এক দিন মেয়াদি ২১৭ কোটি টাকার একটি ও সাত দিন মেয়াদি ৭৭০০ কোটি টাকার ১২টি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে এক দিন মেয়াদি ১০০ কোটি টাকার একটি ও সাত দিন মেয়াদি ৩৮৬৫ কোটি টাকার ১২টি দরপত্র গৃহীত হয়। এ ছাড়া লিকুইডিটি-সুবিধা বাবদ এক দিন মেয়াদি ১৩টি প্রাইমারি ডিলারকে ৫১০২ কোটি টাকা দেওয়া হয়।