ব্যাংক থেকে সরকার নিয়েছে ২৪,৭৭৬ কোটি টাকার ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায় নেওয়া ২০১২-১৩ অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের প্রকৃত ঋণ গ্রহণ মূল বাজেট পরিকল্পনার চেয়ে বেশি ছিল। তবে তা সংশোধিত পরিকল্পনার মধ্যেই রয়েছে। এ সময় সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৭৭৬ কোটি টাকা।সরকারের এই ব্যাংকঋণের মধ্যে সরকার ও সরকারি প্রতিষ্ঠান ব্যাংক খাতে যে আমানত রাখে, তা বাদ দিয়ে হিসাব করা হয়েছে। যদিও বেসরকারি খাতের ঋণ হিসাবে আমানত বিবেচনা অর্থাৎ বাদ দেওয়া হয় না।গত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ২৩ হাজার কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর সংশোধিত বাজেটে এর পরিমাণ বাড়িয়ে ২৮ হাজার ৫০০ টাকায় নির্ধারণ করা হয়। এর আগের বছর অর্থাৎ ২০১১-১২ অর্থবছর শেষে ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ দাঁড়িয়েছিল ২১ হাজার ৪৫৯ কোটি তিন লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের সূত্রগুলো বলছে, অর্থবছরের প্রায় পুরোটা সময়ই সরকারের ঋণের চাহিদা কম ছিল। শেষ সময় এসে সরকার বিপুল পরিমাণ ঋণ করে। এর কারণ হলো বিদেশ থেকে সরকারের চাহিদা অনুযায়ী বাজেট অর্থায়নের সম্পদ মেলেনি। একইভাবে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ খাত থেকেও রাজস্ব আসেনি। শুধু রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমেই সরকারের রাজস্ব আয় বিদায়ী বছরের লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার কোটি টাকা কম হয়েছে। এ পরিস্থিতিতে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় বিদায়ী বছরের সংশোধিত ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। এবার অর্থাৎ চলতি ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা। এটি গত অর্থবছরের সংশোধিত নিট ঋণ লক্ষ্যমাত্রার চেয়ে কম। তবে গত বছরের মূল বাজেট লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।দেখা গেছে, জুনে এসেই বেশি ঋণ নিয়েছে সরকার। এর আগের ১১ মাসে ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ ছিল ১২ হাজার ৪৮৮ কোটি টাকা। এক মাসের ব্যবধানে ৩০ জুন এসে সেই ঋণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭৬ কোটি টাকায়। অর্থবছরের শেষ সময়ে বিভিন্ন প্রকল্পের অর্থ ছাড় করতে গিয়েই মূলত এমন হয়েছে বলে ধারণা করা যায়।