ব্যাংক পরিচালকদের জনস্বার্থে কাজ করতে হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে নতুন নিয়োগ পাওয়া পরিচালকদের জনস্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার নতুন পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকিং আইন-কানুন-সম্পর্কিত এক কর্মশালায় তিনি এ নির্দেশ দেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, রাষ্ট্র মালিকানাধীন চার ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বক্তব্য দেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পরিচালকদের বলেছি, আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে জনস্বার্থে কাজ করার জন্য। এটাকে মনে রাখেন এবং সে অনুযায়ী কাজ করেন।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সরকার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে মালিকানা বজায় রেখেছে। কিন্তু পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতা ভোগ করে ব্যাংকগুলো। একই স্বাধীনতা ভবিষ্যতেও থাকবে।’ আগামী মাসে নতুন ব্যাংক কোম্পানি হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাত নিয়ন্ত্রণ করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। বিধিবিধান কেন্দ্রীয় ব্যাংকই তৈরি করে। নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব বাড়ানো হচ্ছে। ব্যাংক খাতে এখন যেমন পরিবর্তন আসছে, কেন্দ্রীয় ব্যাংকেও তা আসছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দু-একটি ক্ষেত্রে ব্যাংক খাতের কিছু কাজ করে অর্থ মন্ত্রণালয়। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো সার, চিনি, জ্বালানি তেলসহ অনেক পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলে জাতীয় দায়িত্ব পালন করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংকগুলো তা করে না। দেশের আর্থিক খাত অনেক প্রসারিত ও গতিশীল বলে মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় সরকারের কোনো অধিকার ছিল না, বিশ্বমন্দার সময় অনেক দেশকেই সেসব ক্ষেত্রে অনেক খেসারত দিতে হয়েছে। আমাদের এটি করতে হয়নি। আর তাই অনেকেই এখন সরকারি বিনিয়োগের দিকে আগ্রহ দেখাচ্ছেন। এটা ভালো। কারণ, সরকারি বিনিয়োগে ফাঁকিবাজি করা যায় না—যা করা যায় সামাজিক বিনিয়োগে।’ সামাজিক বিনিয়োগের উদাহরণ দিতে গিয়ে তিনি এ সময় নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে আনেন। অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেবের ৪০টি কোম্পানির মধ্যে ২০টিই মরে গেছে।’