ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যশোর শাখার ব্যবস্থাপক শেখ জাহিদ বিন মোহাম্মদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ পাঠানো হচ্ছে। ব্যবসায়ীদের কাছ থেকে কয়েন বা ধাতব মুদ্রা জমা না নেওয়ার অভিযোগে জেলা প্রশাসন এই সুপারিশ করবে।
জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার একজন ম্যাজিস্ট্রেটকে এমটিবির ওই শাখায় পাঠিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েন জমা না নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামানের সঙ্গে যশোর বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ কয়েকজন ব্যবসায়ীও যান। ক্যাশ কাউন্টারের ইনচার্জ ব্যবসায়ীদের কাছ থেকে কয়েন নিতে অস্বীকৃতি জানান। তিনি বিষয়টি নিয়ে কথা বলার জন্য ম্যানেজারের কাছে যাওয়ার পরামর্শ দেন। ম্যানেজার দুপুরের খাবার খেয়ে ব্যাংকে ফিরলে বিষয়টি তাঁকে জানানো হলে তিনিও কয়েন নিতে রাজি হননি। পরে ম্যাজিস্ট্রেট তাঁর পরিচয় দিলে অবশ্য ম্যানেজার কয়েন নিতে রাজি হন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনিক আদেশ দিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে ব্যবসায়ীদের সঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর শাখায় পাঠানো হয়। ব্যবসায়ীদের সঙ্গে নেওয়া ১০ হাজার টাকার মধ্যে ২ হাজার কয়েন ছিল। কিন্তু ব্যাংক কর্মকর্তারা টাকার নোটের সঙ্গে কয়েন জমা নিতে অস্বীকৃতি জানান। যে কারণে ওই ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে সুপারিশ পাঠানো হচ্ছে।’
শাখাটির ব্যবস্থাপক জাহিদ বিন মোহম্মদ প্রথম আলোকে বলেন, ‘কাউন্টারে ভিড় থাকায় ক্যাশ ইনচার্জ ওই ব্যবসায়ীকে দেরি করতে বলেন। পরে ব্যবসায়ীর সঙ্গে ওই ইনচার্জের কথা-কাটাকাটি হলে ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়। আমার কাছে এলে কয়েন নেব না তা বলিনি। তবে ভিড় থাকার কারণে নিতে দেরি হয়েছে।’
জানা গেছে, যশোরে সরকারি-বেসরকারি ৫২টি ব্যাংক শাখার কোনোটিই কয়েন জমা নিচ্ছে না। এ সমস্যা সমাধানের দাবিতে যশোর বেকারি মালিক সমিতি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। অক্টোবর মাসের কৃষিঋণ কমিটির সভায় জেলা প্রশাসক হুমায়ূন কবীর যশোরের সব ব্যাংকের প্রতিনিধিকে ডাকেন। এতে ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরলে ব্যাংকের প্রতিনিধিরা তা অস্বীকার করেন। এরপরও ব্যাংকগুলো কয়েন জমা নেয় না—এই অভিযোগে বেকারি মালিক সমিতি সম্প্রতি কয়েনের ব্যাগ নিয়ে সংবাদ সম্মেলন করে। এতেও কাজ হয়নি বলে ব্যবসায়ীদের দাবি।
অন্যদিকে ব্যাংক কর্মকর্তারা ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে আসছিলেন। যে কারণে জেলা প্রশাসন অভিযোগের সত্যতা যাচাইয়ে একজন ম্যাজিস্ট্রেটকে পাঠানোর কৌশল নেয়।