ব্যাংক শাখার আয়তন ও ইজারার সময় বাড়ল
বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের ক্ষেত্রে আয়তন আরও এক হাজার বর্গফুট বাড়ানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি শাখা স্থাপনে ইজারার মেয়াদও দ্বিগুণ করা হয়েছে। ব্যাংক ব্যবসার ক্ষেত্র ও পরিধি, গ্রাহকসংখ্যা ও নিজস্ব জনবল বিবেচনায় বাংলাদেশ ব্যাংক নীতিমালায় এ পরিবর্তন এনেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যয়সাশ্রয়ী ও অন্যান্য সুবিধা বিবেচনায় ব্যাংক সর্বোচ্চ ২০ বছর মেয়াদে ভবন বা ফ্লোর ভাড়া বা ইজারা নিতে পারবে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন ব্যাংক শাখা স্থাপন বা শাখা স্থানান্তরের ক্ষেত্রে শহর শাখার জন্য সর্বোচ্চ ছয় হাজার বর্গফুট ভবন বা ফ্লোর স্পেস ভাড়া বা ইজারা নেওয়া যাবে। পল্লি এলাকার জন্য সর্বোচ্চ তিন হাজার বর্গফুট ভাড়া বা ইজারা নেওয়া যাবে। আগের নির্দেশনায় শহর এলাকার জন্য পাঁচ হাজার ও পল্লি এলাকার জন্য দুই হাজার বর্গফুটের অধিক ভাড়া নেওয়া যেত না।
এতে বলা হয়, সব মেট্রোপলিটন ও সিটি করপোরেশন এলাকা এবং ‘কয়েক’ শ্রেণিভুক্ত পৌরসভায় স্থাপিত ব্যাংকের শাখা, ‘শহর শাখা’ হিসেবে গণ্য হবে। ‘খ’ ও ‘গ’ শ্রেণিভুক্ত সব পৌরসভা ও ইউনিয়ন এলাকায় স্থাপিত শাখা ‘পল্লি শাখা’ বলে গণ্য হবে।