ব্যাংক শাখার নিরাপত্তা জোরদারে আইপিজিকে গভর্নরের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সব বাণিজ্যিক ব্যাংকের নয় হাজার শাখার নিরাপত্তা জোরদারে পুলিশের আইজিপিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক ব্যাংক শাখার নিকটতম থানায় একটি হটলাইন ফোন নম্বর চালুর অনুরোধ করা হয়েছে।
এদিকে বেসরকারি বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় ডাকাতির ঘটনায় নিহত আট ব্যক্তির প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এ টাকা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ও শুভঙ্কর সাহা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সই করা এক চিঠিতে নিহত ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের প্রত্যেকের পরিবারকে এ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় আহত ব্যক্তিদের আর্থিক অনুদান দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিও আহ্বান জানানো হয়েছে চিঠিতে।
এস কে সুর চৌধুরী বলেন, ‘ব্যাংক ডাকাতি, ভল্টের অর্থ লুটসহ ব্যাংকে অনেক চুরির ঘটনার কথা শুনেছি। তবে ৩৫ বছরের ব্যাংকিং জীবনে এমন রোমহর্ষক ও নৃশংস ঘটনার কথা আমার জানা নেই।’
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বর্তমান নিরাপত্তাব্যবস্থা দিয়ে কি এমন ঘটনা আটকানো সম্ভব—এমন প্রশ্নের জবাবে সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলোতে বর্তমানে যে নিরাপত্তাব্যবস্থা আছে, তাতে এমন ঘটনা সামাল দেওয়ার সামর্থ্য নেই।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশব্যাপী প্রায় ৯ হাজার ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হককে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আতিউর রহমান স্বাক্ষরিত এ চিঠিতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ব্যাংক শাখার নিকটস্থ থানার সঙ্গে একটি হটলাইন ফোন নম্বর চালু করার অনুরোধও জানানো হয়েছে চিঠিতে।