ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত গরিব মানুষের জীবনমান উন্নয়নে ক্ষুদ্রঋণ বা অর্থায়ন ভূমিকা রাখছে। প্রচলিত ব্যাংক ব্যবস্থার বাইরের এই আর্থিক সেবাটি দরিদ্র মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ক্ষমতায়নের পথও সুগম করছে। গতকাল মঙ্গলবার ঢাকায় ক্ষুদ্রঋণ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপে কয়েকজন বক্তা ক্ষুদ্র অর্থায়নের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে এর প্রকৃত সফলতার সমালোচনা করেন। তবে অন্যরা ক্ষুদ্রঋণের ইতিবাচক দিকগুলোর ওপর জোর দেন।একই অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি দরকার বলে অভিমত দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর তাগিদও দেন তিনি। তিনি সংলাপে প্রধান অতিথি ছিলেন।সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডেভিড হিউম। সংলাপ সঞ্চালনা করেন সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য খুশী কবির। উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। আতিউর রহমান বলেন, উচ্চ প্রশাসনিক ব্যয়ের কারণে ক্ষুদ্রঋণের সুদের হার বেশি। আবার এর চেয়ে কম ব্যয়ের কোনো আর্থিক সেবাও নেই। তিনি আরও জানান, মোবাইল ব্যাংকিং সেবা দিতে এনজিওগুলোর সম্পৃক্তাকে উৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আর্থিক সেবা পাওয়া আরও সহজ হবে বলে তিনি মত দেন। ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে চারটি প্রশ্ন রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এগুলো হলো—যে সুদের ঋণ নেওয়া হচ্ছে তার চেয়ে বেশি সুবিধা ফেরত আসছে কি না, ক্ষুদ্রঋণ দিয়ে কী পরিমাণ কর্মসংস্থান হচ্ছে, জনগণের ক্ষমতায়ন কতটা হচ্ছে ও ঋণগ্রহীতারা আর কত দিন একই ধরনের ঋণ নেবেন। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক এস আর ওসমানী বলেন, ক্ষুদ্রঋণ নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে। সুদের হার বেশি হলে এর এত বেশি প্রসার হলো কীভাবে? ওসমানী আরও বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা দরিদ্র মানুষের কাছে চাইলেও যেতে পারবে না। কিন্তু ক্ষুদ্রঋণ ব্যবস্থায় জামানত ছাড়াই ঋণ পাচ্ছে দরিদ্র মানুষেরা। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রক সংস্থা এমআরএকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক বাকী খলীলী বলেন, দেশের ৪৫ শতাংশ পরিবারের কাছে ব্যাংক ও ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো যেতে পারছে। এর মধ্যে আবার ৬০ শতাংশ পরিবারের কাছে যাচ্ছে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্রঋণের মাধ্যমে দেশের ২ থেকে ৩ শতাংশ দারিদ্র্য বিমোচন হচ্ছে। খলীলী আরও বলেন, যে কেউ ঋণ নিলে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে। উৎপাদনশীল খাতে বিনিয়োগ না করলে সুদসহ আসল পরিশোধ করা সম্ভব নয়। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ এম হাশেমী বলেন, যেকোনো আর্থিক সেবাই দাতব্য কোনো ব্যবস্থা নয়। তাই ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সাংসদ হাসানুল হক ইনু ক্ষুদ্রঋণের পরিমাণের একটি সীমা নির্ধারণের সুপারিশ করেন। মূল প্রবন্ধে ডেভিড হিউম ক্ষুদ্রঋণের চারটি নেতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, ক্ষুদ্রঋণ ব্যবস্থায় নানা মডেল চর্চা হচ্ছে, যা দরিদ্র মানুষের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলছে। ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদের নেতিবাচক আচরণ, উচ্চ সুদের হার ও অতিরিক্ত ঋণ সরবরাহের কারণে দরিদ্রদের বোঝা বাড়ছে। এগুলো ক্ষুদ্রঋণের নেতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়। ক্ষুদ্রঋণ সম্পর্কে ডেভিড হিউমের ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে—দরিদ্র মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছানো, ক্ষুদ্র সঞ্চয়ের প্রবণতাসহ সার্বিকভাবে সামাজিক প্রাপ্তসমূহ।