ব্যাংক হিসাব খুলতে ই-টিআইএন লাগে না
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ই-টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) জমা নেওয়া আবশ্যকীয় নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষেত্রেও গ্রাহকের ই-টিআইএন জমা নেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সংস্থাটি।
এক অংশীদারত্ব সংলাপে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধির বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা জানান এনবিআরের সদস্য পারভেজ ইকবাল। তিনি বলেন, ই-টিআইএন জমা দিলে গ্রাহক তাঁর আমানতের বিপরীতে অর্জিত সুদের ক্ষেত্রে ৫ শতাংশ কর ছাড় পান।
বাংলাদেশ ব্যাংক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) ও পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের সঙ্গে নিজেদের কার্যালয়ে আজ মঙ্গলবার এ সংলাপের আয়োজন করে এনবিআর।
এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, দেশের উন্নয়নে রাজস্ব দরকার। এনবিআর রাজস্ব আদায়ে তার জনবান্ধব, করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব চরিত্র সমুন্নত রাখবে। তিনি বলেন, ১০ টাকা ব্যাংক হিসাবে ই-টিআইএন জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে কেউ দিতে চাইলে দিতে পারেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আহমেদ আলী ১০ টাকার ব্যাংক হিসাব ও ছোট ছোট ঋণের ক্ষেত্রে ই-টিআইএন জমার বিষয়টি শিথিল করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে ক্যাবের সভাপতি গোলাম রহমান, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুর রউফ, এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, এনবিআরের সদস্য জাহাঙ্গির হোসেন, খন্দকার আমিনুর রহমান, কালীপদ হালদার, মূসক গোয়েন্দার মহাপরিচালক মাসুদুল কবির, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক বেলাল উদ্দিন, আরজেএসসির নিবন্ধক আজিজুর রহমান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রমুখ বক্তব্য দেন।