ব্যাংক হিসাব খুলে বাড়িভাড়া নিতে হবে
রফিকুল ইসলাম থাকেন শাহজাহানপুরে। ছোটখাটো ব্যবসা করেন। পৈতৃক সূত্রে তিনতলা বাড়ির মালিক। নিজে দোতলায় থাকেন। আর দুটি ফ্ল্যাট ভাড়া দেন। প্রতি মাসে ৩৫ হাজার টাকা ভাড়া পান। তাই দিয়ে সংসারের বড় একটা খরচ চালান।
ভাড়াটেরা মাসের প্রথম সপ্তাহেই রফিক সাহেবের হাতে ভাড়ার টাকা নগদ তুলে দেন। কোনো ঝুট-ঝামেলা নেই। কিন্তু এবারই ঝামেলা বাধাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভাড়ার টাকা নিতে হবে ব্যাংক চেকে। কিংবা ভাড়াটেদের রফিক সাহেবের ব্যাংক হিসাবে ভাড়ার টাকা নগদ জমা দিতে হবে।
খবরটি জানতে পারার পর রফিকুল ইসলাম একটু িচন্তিত৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের উদ্যোগটি ভালো। সৎ বাড়িওয়ালারা আত্মতুষ্টি পাবেন। তবে এতে কর কর্মকর্তাদের হয়রানির সুযোগ থাকবে। এটাই চিন্তার বিষয়।’
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়িওয়ালাদের ভাড়ার টাকা ব্যাংক হিসাবে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মূল বাড়িভাড়া ও সার্ভিস চার্জ—এই দুটি খাত থেকে প্রাপ্ত অর্থকে বাড়িভাড়া েবাঝানো হয়েছে। তবে যেসব বাড়িওয়ালা মাসে ২৫ হাজার টাকার কম ভাড়া পান, তাঁদের ভাড়া ব্যাংক হিসাবে দিতে হবে না। আর সার্ভিস চার্জের মধ্যে বিভিন্ন পরিষেবা বিল অন্তর্ভুক্ত থাকবে কি না, তা পরিষ্কার করে বলা হয়নি।
বাড়িওয়ালাকে কিছু শর্তও পূরণ করতে হবে। বাড়িভাড়া নেওয়ার জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে, সেখানে অন্য কোনো খাত থেকে প্রাপ্ত অর্থ জমা রাখা যাবে না। অন্যদিকে ব্যাংক হিসাবে বাড়িভাড়া না নিলে কিংবা নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করলে বাধ্যতামূলক জরিমানা আরোপ করতে পারবেন কর কর্মকর্তারা। আর হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ যদি কোনো বাড়ি ভাড়া নেয়, প্রতি মাসে ভাড়া পরিশোধের সময় এসব খাতের ওপর উৎসে কর কেটে রেখে ভাড়ার অর্থ বাড়িওয়ালার ব্যাংক হিসাবে জমা রাখবে তারা।
অভিযোগ রয়েছে, রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর বাড়িওয়ালারা করনথিতে বাড়িভাড়া থেকে প্রাপ্ত প্রকৃত আয় দেখান না। প্রতি মাসে যত টাকা ভাড়া হিসেবে পান, বছর শেষে করনথিতে এর অর্ধেক দেখান। মূলত কর ফাঁকি দিতেই অনেক বাড়িওয়ালা বাড়িভাড়া থেকে আয় কম দেখান। এটাই সহজ প্রক্রিয়া, কেননা কোন কোন ভাড়াটে কত টাকা দিলেন, এর কোনো প্রামাণ্য দলিল নেই। এখন থেকে ব্যাংক হিসাবে ভাড়ার টাকা জমা পড়লে বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় সেই হিসাবের লেনদেন বিবরণী জমা দিতে হবে। সেই হিসাবের লেনদেন মিলিয়ে দেখবেন কর কর্মকর্তারা।
তবে এনবিআরের প্রস্তাবেও বেশ কিছু গলদ রয়েছে। বাড়িওয়ালারা প্রকৃত ভাড়ার অনেক কম অর্থ ভাড়াটের কাছ থেকে ব্যাংক হিসাবে জমা নিতে পারেন। আর বাকি অর্থ নগদ নিতে পারেন তাঁরা। এ ছাড়া ভাড়াটেও বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা এড়াতে এই পন্থাটি বেছে নিতে পারেন।