ব্যাংক হিসাব ছাড়াই নগদ অর্থ উত্তোলন করা যাবে ভারতে

ভারতের রাষ্ট্র খাতের ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক অব ইন্ডিয়া কোনো ব্যাংক হিসাব ছাড়াই ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করতে যাচ্ছে।
প্রবাসে কর্মরত ভারতীয় শ্রমজীবীদেরই মূলত এই সুবিধা প্রদান করা হচ্ছে।
তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (ইনস্ট্যান্ট মানি ট্রাসফার বা আইএমটি) নামে এই সুবিধার আওতায় ব্যাংকের কোনো গ্রাহক যে কাউকে প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রেরণ করতে কিংবা নিজ হিসাব থেকে অর্থ স্থানান্তর করতে পারবেন।
এ জন্য প্রাপকের মোবাইল ফোনে একটি কোড বা সাংকেতিক নম্বর প্রেরণ করা হবে। সেই সাংকেতিক নম্বর ব্যবহার করে প্রাপক ব্যাংক অব ইন্ডিয়ার যেকোনো এটিএম থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। টাকা তুলতে কোনো এটিএম বা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে না।
প্রতিবার অর্থ লেনদেনের জন্য অর্থ প্রেরণকারীর কাছ থেকে ২৫ রুপি মাশুল নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ১০ হাজার রুপি তোলা যাবে। তবে এক মাসে সর্বোচ্চ ২৫ হাজার রুপি উত্তোলন করা যাবে।
ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক ভি আর আয়ার জানিয়েছেন, রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার (আরবিআই) পরামর্শ অনুসরণ করে তাঁরা এই সেবা সুবিধা দিতে যাচ্ছেন।
উল্লেখ্য, গত বছর আরবিআইর গভর্নর ভারতের ব্যাংকগুলোকে প্রযুক্তিনির্ভর এমন সেবা চালুর পরামর্শ দেন, যেন ব্যাংক হিসাব যাঁদের নেই, তাঁরাও কিছু ব্যাংকিং সুবিধা পেতে পারেন।
বর্তমানে সারা ভারতে ব্যাংক অব ইন্ডিয়ার দুই হাজার ১০০ এটিএম বুথ আছে। আর এ মাসের মধ্যেই আরও ১০০ নতুন এটিএম চালু হবে। সূত্র: ইকোনমিক টাইমস