ব্যাংক হিসাব তলব করতে পারবে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আইনে গঠিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বর্তমানে এসইসি) কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার মাধ্যমে পুঁজিবাজারসংক্রান্ত তদন্তে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করতে পারবে। সংশোধিত তথা নতুন সিকিউরিটজ ও এক্সচেঞ্জ কমিশন আইনে একথা বলা হয়েছে।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অধিকতর সংশোধনের পর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এটি ১০ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়, যা গতকাল বৃহস্পতিবার এসইসিতে এসে পৌঁছায়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১৯ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন, ২০১২ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন এবং পরে তা পাস হয়। এর আগে ৯ অক্টোবর আইনটির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায়।পৃথিবীর উন্নত দেশগুলোর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংগতি রেখে এ আইনে কমিশনের বর্তমান নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ করা হয়েছে। এ ছাড়া ‘সদস্য’ পদবি পরিবর্তন করে ‘কমিশনার’ করা হয়েছে।আইনটিতে বলা হয়েছে, কমিশন অন্যান্য দেশের কমিশনের সঙ্গেও তথ্য বিনিময় করতে পারবে।এতে এসইসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংকের মতো করা হয়েছে। ফলে মেধাবী ও যোগ্য জনবল কমিশনে সম্পৃক্ত হবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।আইনটিতে সরকারের অনুমোদন নিয়ে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক উপদেষ্টা বা পরামর্শক নিয়োগের বিধানও রাখা হয়েছে। এ ছাড়া সরকারের অনুমোদনক্রমে দেশি-বিদেশি সংস্থার সঙ্গে সিকিউরিটিজ-সংক্রান্ত সহযোগিতা ও তথ্যবিনিময় চুক্তি সম্পাদনের বিধান রাখা হয়েছে।এ আইনে ডেরিভেটিভসহ সিকিউরিটিজ লেনদেন দ্রুত নিষ্পত্তি করতে ক্লিয়ারিং করপোরেশন গঠন করা হবে। নতুন আইনে জরিমানার বিষয়টিও রাখা হয়েছে। এতে বলা হয়েছে, আরোপিত জরিমানার বিরুদ্ধে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যত্র আপিল করতে চাইলে সংশ্লিষ্ট কোম্পানিকে কমিশনে জরিমানার ১৫ শতাংশ অর্থ জমা দিতে হবে। এ ছাড়া এ আইনের অধীনে কমিশন কর্তৃক আরোপিত অর্থদণ্ড অনাদায়ী হলে তা বকেয়া ভূমি রাজস্ব হিসেবে আদায়যোগ্য হবে।