ব্যাংক হিসাব বেড়েছে ১ কোটি ৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় মন্দা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংক হিসাব বেড়েছে ১ কোটি ৬ লাখ। সবচেয়ে বেশি হিসাব বেড়েছে বিশেষায়িত ব্যাংকগুলোতে। নতুন ব্যাংকগুলোও পিছিয়ে নেই। এ সময়ে ব্যাংকগুলো নতুন ৮৫টি শাখাও খুলেছে। ২০১৫ সালের ডিসেম্বরে ব্যাংক হিসাব ছিল ৭ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৩৯৬টি। গত জুন পর্যন্ত তা বেড়ে হয়েছে ৮ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৭১৩টি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, এ সময় অনেক নতুন শাখা খোলা হয়েছে। পাশাপাশি ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগণকে ব্যাংকে আনতেও তৎপরতা ছিল। এ ছাড়া এখন বড় গ্রাহকের চাহিদা কম থাকায় ব্যাংকগুলো ছোট গ্রাহক খুঁজছে। এসব কারণে ব্যাংক হিসাব বেড়ে গেছে।
জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে ব্যাংক হিসাব ছিল ৭ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৩৬টি। এ সময় ব্যাংক শাখার সংখ্যা ছিল ৮ হাজার ৯৭৯টি। ২০১৫ সালের ডিসেম্বরে ব্যাংক শাখা হয় ৯ হাজার ৪৫৮টি। এ সময়ে ব্যাংকের হিসাব দাঁড়ায় ৭ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৩৯৬টি। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের হিসাব ৩ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৪৩৪টি। বিশেষায়িত ব্যাংকের হিসাব ৪৩ লাখ ৮৮ হাজর ৪৬টি, বেসরকারি ব্যাংকের ৩ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ১৮৩টি, বিদেশি ব্যাংকের হিসাব ৪ লাখ ৫৯ হাজার ৯৮৭ ও নতুন ব্যাংকের ৩ লাখ ১৩ হাজার ৭৪৬টি।
চলতি বছরের জুনে সারা দেশে ব্যাংকের শাখা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৪৩টি। এ সময়ে ব্যাংক হিসাব হয়েছে ৮ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৭১৩টি। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের হিসাব ৩ কোটি ৮৮ লাখ ২ হাজার ৬৯৭টি। বিশেষায়িত ব্যাংকের হিসাব ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৭৭৩টি, বেসরকারি ব্যাংকের হিসাব ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার ১৪৭টি, বিদেশি ব্যাংকের হিসাব ৪ লাখ ৯ হাজার ৯৬টি।
ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে হিসাব খোলার চাপ রয়েছে। এ কারণে ব্যবসা না থাকলেও হিসাব খুলতে হচ্ছে। ফলে হিসাবের পরিমাণ দ্রুত বাড়ছে।