ব্যাংক হিসাবে মিলবে সঞ্চয়পত্রের মুনাফা
এখন থেকে সঞ্চয়পত্রের গ্রাহকেরা মুনাফার টাকা সরাসরি নিজের ব্যাংক হিসাব থেকে তুলতে পারবেন। পাশাপাশি মেয়াদপূর্তির পর সঞ্চয়পত্রে বিনিয়োগের মূল টাকাও গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক নতুন একটি সফটওয়্যার চালু করেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন সফটওয়্যার চালুর ফলে গ্রাহকদের আর ব্যাংকে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে মুনাফার টাকা সংগ্রহ করতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের ব্যাংক হিসাবে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা স্থানান্তরিত হয়ে যাবে। গভর্নর আতিউর রহমান গতকাল রোববার নতুন এ সফটওয়্যারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, এ সফটওয়্যারটি চালুর ফলে গ্রাহকের সময় ও অর্থের অপচয় কমবে। এখন গ্রাহক তাঁর সুবিধামতো সময়ে নিজের ব্যাংক হিসাব থেকে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা তুলতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা রাজি হাসান, নাজনীন সুলতানা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদা আক্তার, গ্রাহক সামসুল আলম, ফয়সল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংকের মাধ্যমে যাঁরা সঞ্চয়পত্র কিনবেন বা কিনেছেন কেবল তাঁরাই এ সুবিধা পাবেন। তবে ডাকঘরের মাধ্যমে যাঁরা সঞ্চয়পত্র কিনেছেন তাঁরা আপাতত এ সুবিধা পাবেন না।
বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে। সেগুলো হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও অবসর ভাতাভোগী বা পেনশনার সঞ্চয়পত্র। শেষের দুই সঞ্চয়পত্রের বিপরীতে প্রতি মাসে মুনাফা দেওয়া হয়। আর পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে সাধারণত মুনাফা বণ্টন করা হয় মেয়াদপূর্তির পর।