ব্যাংকঋণ দেওয়ার আগে নির্মাণ বিধি নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণ, ভূমি উন্নয়নসহ আবাসন খাতে ঋণ দেওয়ার আগে এসব প্রকল্পে বিধিবিধান ও নিয়মনীতি যথাযথভাবে মানা হয়েছে কি না, তা যাচাই করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে ব্যাংকগুলোকে এ-সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগেও পাঠাতে হবে। তফসিলি ব্যাংকগুলোর কাছে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে। সাভার ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো আবাসিক, বাণিজ্যিক ভবন, স্থাপনা নির্মাণ, ভূমি উন্নয়ন এবং ভবন, এপার্টমেন্ট, ফ্লোর স্পেস কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধির যথাযথ পরিপালন এবং বিধিবদ্ধ সংস্থার অনুমোদন নিশ্চিত হয়ে ঋণ দিতে হবে। এ ধরনের প্রকল্পে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রাকশন আইন, ১৯৫২; বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ২০০৬; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭; অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩; বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ সহ সব আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে।ব্যাংকগুলোর নিজস্ব ভবন, স্থাপনা নির্মাণ, কেনা বা ইজারা এবং ইতিমধ্যে বানানো ভবন, স্থাপনা ও কেনা বা ইজারা করা সম্পদের ক্ষেত্রেও এসব আইন ও বিধিমালার যথাযথ পরিপালন এবং বিধিবদ্ধ সংস্থার অনুমতির বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে আরও বলা হয়েছে, আবাসনের যেকোনো প্রকল্পে ঋণের আগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশন বা পৌরসভা থেকে প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ অনুমোদন গ্রহণ নিশ্চিত করতে হবে। নির্মিত বা নির্মাণাধীন ভবন বা স্থাপনায় ইতিমধ্যে যেসব অর্থায়ন করা হয়েছে, সে ক্ষেত্রেও আইন ও বিধিমালার যথাযথ পালন এবং বিধিবদ্ধ সংস্থার অনুমতির বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে।