ব্যাংকঋণ নির্ভরতায় উদ্বেগ ফরেন চেম্বারের
আগামী ২০১১-১২ অর্থবছরে বাজেটে ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণের ওপর অধিক নির্ভরতায় উদ্বেগ প্রকাশ করেছে ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।ফরেন চেম্বার মনে করে, এর ফলে তারল্য পরিস্থিতি সংকুচিত হয়ে পড়তে পারে এবং এর প্রভাবে ব্যাংকের আমানত ও ঋণের সুদের হার আরও বেড়ে যেতে পারে। আর ঋণের সুদের হার বেড়ে গেলে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে অর্থায়ন ব্যয়বহুল হয়ে পড়বে। পাশাপাশি বাড়বে মূল্যস্ফীতি।এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট প্রতিক্রিয়ায় ফরেন চেম্বার অপ্রদর্শিত আয় বৈধ করতে ১০ শতাংশ কর দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগের প্রস্তাবকেও সমর্থন দেয়নি। লাভ-লোকসান বিবেচনায় না নিয়েই ০.৫ শতাংশ হারে টার্নওভার করারোপের প্রস্তাবটিতেও আপত্তি জানিয়েছে। তবে ফরেন চেম্বার কর অবকাশ সুবিধার মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত বাড়ানো, মন্ত্রীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়করের আওতায় আনা, বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জ্বালানি ও শক্তি খাত, পল্লি উন্নয়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তিতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়াকেও সাধুবাদ দিয়েছে।ফরেন চেম্বার অবশ্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির প্রাতিষ্ঠানিক আয়কর হার কমানোর কোনো ঘোষণা না থাকায় হতাশ হয়েছে।