ব্যাংকঋণ প্রদানে শৃঙ্খলা রক্ষার নির্দেশ
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ বিতরণের ক্ষেত্রে নিয়ম মেনে শৃঙ্খলা রক্ষার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।গত রোববার ২৪টি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা। এ সময় বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী, ২৪টি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, কোনো ব্যাংকের ঋণ বিতরণের প্রবৃদ্ধি তার আমানতের প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবে না এবং প্রত্যেক ব্যাংককেই ঋণ-আমানতের নির্ধারিত অনুপাত অনুসরণ করে চলতে হবে।বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে ঋণ-আমানতের অনুপাত ৮৫ শতাংশ ধার্য করা আছে। ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৫ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে ওই অনুপাত ৯০ শতাংশ।বৈঠকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, কোনো ব্যাংকেই যেকোনো উদ্দেশ্যে ঋণ (এনি পারপাস লোন) নামে কোনো ঋণপণ্য থাকতে পারবে না। কোনো ব্যাংক অস্বাভাবিক উচ্চসুদ হারে আমানত নিতে পারবে না।ব্যাংকিং খাতের দায়-সম্পদ ব্যবস্থাপনা যথাযথ রাখতে এবং এ খাতের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক এসব নির্দেশনা দিয়েছে।বর্তমানে যেসব ব্যাংকের ঋণ-আমানতের অনুপাত বেশি বা নির্ধারিত সীমার বাইরে রয়েছে, এমন ২৪টি বেসরকারি ব্যাংককেই গত রোববারের বৈঠকে ডাকা হয়েছিল। তবে বৈঠকের নির্দেশ দেশে ব্যবসারত সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে বৈঠকে জানানো হয়।এসব নির্দেশনা অমান্যকারী ব্যাংককে নতুন শাখা খোলার অনুমতি না দেওয়া, ক্যামেলস রেটিংয়ের অবনতি, আমানত সংগ্রহে নিষেধাজ্ঞা, এমনকি ব্যাংকের প্রধান নির্বাহীকে অপসারণ করার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু ব্যাংক অনেক বেশি হারে আমানত নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ১২ থেকে ১৩ শতাংশ সুদে আমানত নেওয়া হচ্ছে। আমানতের সুদের হার যদি ঋণের সুদের হারের সমপর্যায়ে চলে যায়, তাহলে ভবিষ্যতের দায়-সম্পদ ব্যবস্থাপনায় ব্যাংকগুলো সমস্যায় পড়বে।ব্যাংকগুলোর তার আমানতের একটি নির্দিষ্ট অংশ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকে নগদে জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে। ব্যাংকিং পরিভাষায় এটিকে বিধিবদ্ধ জমার হার বা এসএলআর বলে। বর্তমানে প্রচলিত ধারার ব্যাংকগুলোকে আমানতের কমপক্ষে ১৯ শতাংশ অর্থ এসএলআর হিসেবে সংরক্ষণ করতে হয়। এ বিবেচনায় আমানতের ৮১ শতাংশ অর্থ ঋণের জন্য ব্যবহার করা যায়। তবে ব্যাংকগুলো তাদের মূলধন ও রিজার্ভ থেকেও ঋণ দিতে পারে। এ জন্য বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঋণ-আমানতের অনুপাত ৮৫ শতাংশ পর্যন্ত যুক্তিযুক্ত ধরা হয়েছে।অন্যদিকে ইসলামি ব্যাংকগুলো সরকারি সুদবাহী সিকিউরিটিজে বিনিয়োগ করে না। তাদের ক্ষেত্রে আমানতের সাড়ে ১১ শতাংশ অর্থ এসএলআর হিসেবে সংরক্ষণ করতে হয়, যার বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকে নগদে জমা থাকে। এসএলআরের সামান্য অংশ তারা ইসলামি বন্ড কেনায় ব্যবহার করে। একই বিবেচনায় ইসলামি ব্যাংকগুলোর ক্ষেত্রে ঋণ-আমানতের অনুপাত সর্বোচ্চ ৯০ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে।