ব্যাংকঋণ সুবিধার আওতায় তৃতীয় লিঙ্গ
ব্যবসার জন্য ব্যাংকঋণ পাবেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার দুজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বেসরকারি মিডল্যান্ড ব্যাংক তৃতীয় লিঙ্গসহ সামাজিক ও শারীরিক প্রতিবন্ধী এবং রাখাইন জনগোষ্ঠীর ১৩৬ জনকে ব্যবসার জন্য এক কোটি টাকা ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় স্বল্প সুদে এ ঋণসুবিধা দেওয়া হচ্ছে।
ক্ষুদ্রঋণ বিতরণকারী বেসরকারি প্রতিষ্ঠান পল্লী কর্ম উন্নয়ন সংস্থার (পিকেইউএস) মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক এ ঋণ বিতরণ করবে। এ জন্য মিডল্যান্ড ব্যাংক ও পিকেইউএসের মধ্যে গভর্নরের উপস্থিতিতে চুক্তি সই হয়। গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি স্বাক্ষরের পরপরই আনুষ্ঠানিকভাবে আটজনের হাতে ঋণের চেক হস্তান্তর করেন গভর্নর।
অনুষ্ঠানে জানানো হয়, ৫ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ নিয়ে ৭ শতাংশ সুদে তা পিকেইউএসকে সরবরাহ করবে মিডল্যান্ড ব্যাংক। আর পিকেইউএস ১০ শতাংশ সুদে এ অর্থ ঋণ হিসেবে তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও রাখাইন জনগোষ্ঠীর ১৩৬ জনের মধ্যে বিতরণ করবে। এ ঋণের বিপরীতে কোনো ধরনের জামানত লাগবে না।
অনুষ্ঠানে জানানো হয়, মোট এক কোটি টাকার ঋণের মধ্যে তৃতীয় লিঙ্গের ১০ জন উদ্যোক্তাকে পাঁচ লাখ, ১০৫ জন শারীরিক প্রতিবন্ধীকে সাড়ে ৮৪ লাখ, তিনজন সামাজিক সুবিধাবঞ্চিত নারীকে তিন লাখ ও রাখাইন নৃগোষ্ঠীর ১০ জন উদ্যোক্তাকে সাড়ে সাত লাখ টাকা ঋণ দেওয়া হবে।
ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পটুয়াখালী থেকে আসা তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মোস্তফা হিজড়া বলেন, ‘আমরাও মানুষ। সমাজে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা কাজ করে জীবন চালাতে চাই। কিন্তু কাজ জোটে না বলেই মানুষকে বিরক্ত করে অর্থ সংগ্রহ করতে হয়। সেটি যেন করতে না হয়, সে জন্য আমাদের ঋণসহায়তা দেওয়া হোক। তাহলে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে পারব।’
অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘আমরা যাঁরা সমাজের অগ্রভাগে রয়েছি, তাঁদের নিজেদের স্বার্থেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। নইলে তারা আমাদের পেছনে টেনে নেবে।’ বাংলাদেশ ব্যাংক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
গভর্নর আরও বলেন, আগামী অক্টোবর মাস থেকে দেশের ব্যাংক খাতে তাৎক্ষণিকভাবে লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা চালু করা হবে। এ ছাড়া দেশের সব হাটবাজারে কার্ডের মাধ্যমে লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ জামান ও পিকেইউএসের নির্বাহী পরিচালক ইউনুস খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ঋণসুবিধাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।