ব্যাংকঋণের সুদহার কিছুটা বেড়েছে
ব্যাংকঋণের সুদহার কিছুটা বেড়েছে। গত সেপ্টেম্বর মাসের উপাত্ত থেকে এ তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত সেপ্টেম্বরে ব্যাংক খাতের ঋণের গড় সুদহার দাঁড়ায় ১৩ দশমিক ৯৩ শতাংশ। আগের মাস অর্থাৎ আগস্ট মাসে ছিল ১৩ দশমিক ৯০ শতাংশ। তবে এ সময় আমানতের গড় সুদহার কিছুটা বৃদ্ধি পায়। এতে আমানত ও ঋণের সুদহারের গড়ের ব্যবধান (স্প্রেড) কিছুটা কমেছে। সেপ্টেম্বর হিসাবে গড় হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশীয় পয়েন্টে। আগস্ট মাসে ছিল ৫ দশমিক ৫৬ শতাংশীয় পয়েন্ট। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছে এই ব্যবধান ৫ শতাংশের মধ্যে থাকতে হবে।ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের মধ্যে বড় ব্যবধানে হলে আমানতকারী ও ঋণগ্রহীতা উভয়েই ঠকেন। ব্যবধান বেশি মানে আমানতকারীকে কম সুদ দেওয়া হয়। আর ঋণের অতিরিক্ত সুদ গুনতে হয় বলে ঋ গ্রহীতারাও ক্ষতিগ্রস্ত হন। এ জন্য বাংলাদেশ ব্যাংক চলতি বছরের শুরুর দিকে এই ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টে সীমিত রাখার নির্দেশ দিয়েছিল। তবে তথ্য-উপাত্তে দেখা যায় বেশির ভাগ ব্যাংক সে নির্দেশ মানছে না।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ৪৭টি ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারে গড় ব্যবধান আগের মাসের চেয়ে কিছুটা কমেছে। এ সময় ঋণের সুদহার আগের মাসের তুলনায় বাড়লেও গড় আমানত সংগ্রহের সুদ হার তার চেয়ে কিছুটা বৃদ্ধি পায়। গড় ঋণের সুদহার ছিল ১৩ দশমিক ৯৩ শতাংশ, আর আমানতের সুদহার ছিল ৮ দশমিক ৪০ শতাংশ। এ সময় বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান ছিল সবচেয়ে বেশি। এ ব্যাংকগুলোর গড় ব্যবধান গিয়ে ঠেকেছে ৮ দশমিক ৯৭ শতাংশীয় পয়েন্টে। বেসরকারি ব্যাংকগুলোতে ব্যবধান হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট, রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে ৪ দশমিক ৮৭ শতাংশীয় পয়েন্ট এবং বিশেষায়িত চার ব্যাংকে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান হয়েছে ২ দশমিক ৭৩ শতাংশীয় পয়েন্ট।এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান ছিল বিদেশি মালিকানার উরি ব্যাংকে। তাদের ব্যবধান দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্টে। বেসরকারি খাতের মধ্যে ব্র্যাক ব্যাংকের ব্যবধান ছিল সর্বোচ্চ ৯ দশমিক ২১। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকে ছিল সবচেয়ে বেশি ৫ দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট। আর বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকের ছিল ৫ দশমিক শূন্য ৯ শতাংশ শতাংশীয় পয়েন্ট।