সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ১০ পরামর্শ
ব্যাংকগুলোকে তথ্য নিরাপত্তা কেন্দ্র স্থাপন করতে হবে
আর্থিক খাতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সব বাণিজ্যিক ব্যাংককে ১০টি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ মার্চ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো হলো পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে সাইবার নিরাপত্তা গভর্নেন্স ব্যবস্থা গ্রহণ; পরিপূর্ণ সাইবার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন; প্রযুক্তিগত দুর্বলতা মূল্যায়ন এবং আপত্কালীন ব্যবস্থাপনা কার্যক্রম প্রণয়ন; যেকোনো সাইবার বা কারিগরি আক্রমণ মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন; তৃতীয় পক্ষের মাধ্যমে গৃহীত সেবাসমূহের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন; সব কর্মকর্তা-কর্মচারীর জন্য সাইবার নিরাপত্তা-বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ; তথ্যপ্রযুক্তির মাধ্যমে লেনদেন বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ; পুরো ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য তথ্য নিরাপত্তা কেন্দ্র স্থাপন; ক্রেডিট কার্ডের মাধ্যমে সেবা প্রদানের জন্য পিসিআই-ডিএসএস সনদ গ্রহণ, চিপ অ্যান্ড পিন বেজড কার্ড ইস্যু করা এবং এককালীন পাসওয়ার্ড (ওটিপি) প্রদানের উদ্যোগ নেওয়া এবং অন্তত তিন মাসের সব পেরিমিটার ও কোর ডিভাইস, ওয়েব ডিভাইস এবং মিশন ক্রিটিক্যাল সার্ভারসমূহের লগ সংগ্রহ ও সংরক্ষণ।