ব্যাংকগুলোয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় এখন একের পর এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়ে যাচ্ছে সরকার। চলতি সপ্তাহেই তিন ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে চারজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে আলাদা চারটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর আগের সপ্তাহে আরেক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত পাঁচজন চেয়ারম্যানের মধ্যে একজন সরকারের সচিব ও দুজন অতিরিক্ত সচিব পর্যায়ের নিয়মিত কর্মকর্তা। বাকি দুজন সনদধারী হিসাববিদ (সিএ)।
চেয়ারম্যান না থাকায় ব্যাংকগুলো পর্ষদ সভা করতে পারছে না এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তও নিতে পারছে না। এ তথ্য উল্লেখ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘অনেকটা সে কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো।’
জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এ ব্যাংকেরই পরিচালক এম কামরুল ইসলামকে। তিনি একজন সিএ। আগের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাতের মেয়াদ শেষ হওয়ায় গত ৯ সেপ্টেম্বর থেকে ব্যাংকটি চেয়ারম্যানশূন্য ছিল।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ব্যাংকটির পরিচালক দেওয়ান নূরুল ইসলাম। তিনিও একজন সিএ। আগে চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। গত ৪ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হয়।
এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) বর্তমান পরিচালক মমতাজ আলা-শাকুর আহমেদ হয়েছেন এ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব। এ ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় আলাউদ্দিন এ. মজিদকে গত ৬ জুলাই সরকার বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেয়। সেই থেকে আড়াই মাস ধরে ব্যাংকটি চেয়ারম্যানশূন্য।
বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন সংস্থাটির সরকার নিয়োজিত পরিচালক ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম। আগে চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর গত ১২ আগস্ট থেকে পদটিতে কেউ নেই।
আগের সপ্তাহে (২১ সেপ্টেম্বর) অগ্রণী ব্যাংকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খানকে। আগের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হকের মেয়াদ শেষ হয় গত ৪ সেপ্টেম্বর। চেয়ারম্যান হিসেবে আরাস্তু খান গতকাল বুধবার পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক করেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ দিতে সাধারণত একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্য থেকে একজনকে নির্বাচন করে তাঁর পক্ষে একটি সার-সংক্ষেপ তৈরি করে পাঠানো হয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য। সবশেষে অনাপত্তিপত্র নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের। তার পরই চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
কিন্তু লিমিটেড কোম্পানি হওয়ার কারণে সোনালী, অগ্রণী, জনতা, বিডিবিএল ও বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হওয়ার কথা সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদের মাধ্যমে। কিন্তু তা অনুসরণ করছে না সরকার।
শুধুই দলীয় বিবেচনায় চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হয়েছে। বিশেষ করে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই ওরফে বাচ্চু এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম থাকাকালীন ব্যাংক দুটি থেকে আট হাজার কোটি টাকা ঋণের নামে লুট হয়েছে। চেয়ারম্যান নিয়োগ দেওয়ার আগে সরকারকে এ বিষয়গুলো চিন্তা করতে হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি প্রথম আলোর কাছে স্বীকার করেন যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শুধুই দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে তিনি ঠিক করেননি।
সম্প্রতি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের সাবেক এমডি এস এ চৌধুরীকে নিয়োগের সুপারিশ করে জনতা ব্যাংকের পর্ষদকে চিঠি পাঠায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিষয়টির হালনাগাদ তথ্য জানতে চাইলে বিভাগের সচিব এম. আসলাম আলম গত সোমবার প্রথম আলোকে বলেন, এস এ চৌধুরীর ব্যাপারে এখনো বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র আসেনি। তাই এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কত দিন চলবে জানতে চাইলে সচিব বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা কাজ চালিয়ে যাবেন। নিয়মিত চেয়ারম্যান নিয়োগ হলেই আগের পদে অর্থাৎ পরিচালক পদে ফিরে যাবেন তাঁরা।
উল্লেখ্য, দুই মাস পরে সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকেও চেয়ারম্যান পদ খালি হবে।