ব্যাংকগুলোর ওপর নিয়ন্ত্রণবিধি কঠোর হতে পারে। এই কঠোরতা ঠেকানোর জন্য বড় বড় আন্তর্জাতিক ব্যাংক তত্পর হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে কোনো কোনো ব্যাংক প্রস্তাব করেছে একটি বৈশ্বিক তহবিল গঠন করার।সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের চতুর্থ দিনে গতকাল শনিবার ব্যাংকগুলোর পক্ষ থেকে এ প্রস্তাব করা হয়। আজ রোববার এ ফোরাম শেষ হবে।তাদের প্রস্তাব অনুসারে, ব্যাংকগুলো একটি নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে এই তহবিল গঠন করবে। তবে সরকারগুলোও কিছু অর্থ দেবে। কোনো ব্যাংক দেউলিয়া হতে বসলে বা বিপর্যয়ের মুখে পড়লে এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।অবশ্য নিয়ন্ত্রণবিধি ঠেকানোর চেষ্টা চলছে পাশাপাশি। তাই আয়োজন করা হয় এক রুদ্ধদ্বার বৈঠকের। এ বৈঠকে অংশ নেন কয়েকটি দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার উচ্চপর্যায়ের কয়েকজন প্রতিনিধি।বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে ব্যাংকগুলো আসলে তাদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগকে প্রশমিত করে আনতে চাইছে।কিন্তু ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিয়ন্ত্রণবিধি কঠোর করার বিষয়ে এককাট্টা। তাদের মতে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই।যুক্তরাজ্য ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বোনাসের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপ করেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকাররা মনে করছেন, এই হার শতভাগ হওয়া প্রয়োজন।কেউ কেউ এমনো বলছেন, তাঁরা ভেবেছিলেন ব্যাংকগুলো দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু ব্যাংকগুলোর দিক থেকে সে রকম কোনো প্রচেষ্টাই দেখা যাচ্ছে না। তাই এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।ডব্লিউটিওর ভবিষ্যত্: দাভোস ফোরামে অংশ নিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের মধ্য থেকে ২০ জন মূল সম্মেলনের পাশাপাশি পৃথক একটি বৈঠক করেন। অনানুষ্ঠানিক এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা আলোচনা পর্ব শেষ করার বিষয়ে কোনো অগ্রগতি করা যায় কি না, তা যাচাই করা।কিন্তু বৈঠকে বাণিজ্যমন্ত্রীরা এ বিষয়ে হতাশা ব্যক্ত করেন। অনেকেই পিছিয়ে যাওয়ার ও অনিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার বেনিটা ফেরেরো বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব দোহা আলোচনা শেষ হোক। কিন্তু এটি শেষ করতে হলে সবার সক্রিয়তা ও উপস্থিতি জরুরি।’ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলসো অ্যামোরিম বলেন, ‘আমরা খুব বেশি কিছু আশা করতে পারছি না। কারণ, বিশ্ব বাণিজ্যের এক প্রধান অংশীদারের অনুপস্থিতি।’দক্ষিণ আফ্রিকার বাণিজ্যমন্ত্রী রব ডেভিস বলেন, ‘পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিরাট এক বিতর্কের বিষয় হয়ে উঠেছে। মনে হচ্ছে, তারা দোহা আলোচনা শেষ করার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করতে পারেনি।’আইএমএফের উদ্বেগ: এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ট্রাসকান গতকাল দাভোসে বলেছেন, রাষ্ট্রীয় ঋণগুলোই আগামী দিনে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দেবে। কোনো কোনো দেশের পক্ষে এ সমস্যা মেটাতে সাত বছর পর্যন্ত সময় লাগবে।ফোরাম চলাকালেই খবর আসে যে গ্রিসের সরকার রাষ্ট্রীয় ঋণ নিয়ে বেকায়দায় রয়েছে। অর্থাত্ রাষ্ট্রীয়ভাবে যে ঋণ নেওয়া হয়েছে, তা ঠিকমতো ফেরত দেওয়া সম্ভব হবে না।এই খবর আর্থিক বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। ইউরো ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।এ রকম খবরও ছড়িয়ে পড়ে যে ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসবে গ্রিসকে সহায়তা দেওয়ার জন্য। তবে গ্রিস সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এ খবর প্রত্যাখ্যান করেছে।কিন্তু আইএমএফের সতর্কতা গ্রিসের অর্থনীতির অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এসেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: এপি, রয়টার্স ও এফটি